বিশ্বনাথে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার হরতালের সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গোলাম রব্বানী (২৪) নামের জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। পুলিশ আটক করেছে চারজনকে।জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে সিলেট বিভাগের চার জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। গত রোববার ঢাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে গতকাল সংঘর্ষে জামায়াতের কর্মীর মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রোববার সিলেট বিভাগে আবারও সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের কলেজ রোডের পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন জামায়াত-শিবিরের কয়েক শ কর্মী। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেছে পুলিশ।সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন জামায়াতের কর্মী গোলাম রব্বানী। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে দলীয় নেতারা জানিয়েছেন।এ ছাড়া সংঘর্ষে বিশ্বনাথ থানার উপপরিদর্শক জিয়া উদ্দিন ও ইসমাইল হক এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আখতার ফারুকসহ অন্তত ৩০ জন আহত হন।নিহত গোলাম রব্বানী উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাখিছিড়ি গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দাবি করেছেন, জামায়াত-শিবিরের লোকজন পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলার চেষ্টা চালান। এতে বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চায়নিজ রাইফেলের তিনটি গুলি, ৬৪টি রাবার বুলেট ও ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।ওসি আবুল কালাম আজাদ আরও জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের কর্মী রেদোয়ান আহমদ, আবদুল বাছিত, কাছা মিয়া ও ব্যবসায়ী রুমেল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলার চেষ্টার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে। এতে একজন কর্মী নিহত ও ২০-২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের দোষী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আগামী রোববার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’সিলেটে হরতালে মাঠে ছিলেন না নেতা-কর্মীরা: সিলেট মহানগর ও বিভাগের অন্যান্য স্থানে হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। বিশ্বনাথ ছাড়া অন্য কোনো জায়গা থেকে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।সকাল ছয়টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় একটি মাইক্রোবাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে গাড়ি থামিয়ে লাঠি দিয়ে ভাঙচুর শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।সকালে গাড়ি ভাঙচুর করে হরতালে উত্তাপ ছড়ানোর চেষ্টা করলেও পরে দিনভর আর মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরের কর্মীদের। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। দুপুরের পর থেকে নগরে ছোট-বড় যান চলাচল করতে দেখা গেছে। বিকেল থেকে বিভিন্ন বিপণিবিতান খোলা শুরু হলে নগরজীবন স্বাভাবিক হয়।বিশ্বনাথে জামায়াতের কর্মী নিহত হওয়ার ঘটনায় দুপুরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের বরাত দিয়ে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম জানান, বিশ্বনাথে জামায়াতের কর্মী নিহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে আগামী শনিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।