বিশ্বনাথে পৌরসভা না থাকায় উন্নয়নের ছোঁয়া নেই
সিলেটের বিশ্বনাথ একটি প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। এখানকার প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ রয়েছেন প্রবাসে। কিন্তু এখনো বিশ্বনাথে পৌরসভা না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে এ উপজেলার জনগণ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদসহ অনেক জাতীয় নেতা অনেকবার বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে।অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের ফলে রাস্তা ছোট-বড় হচ্ছে। আর রাস্তাঘাট এই ছোট-বড় হওয়ার কারণে থাকছে না পয়োনিষ্কাশন-ব্যবস্থা। পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকার ফলে একটু বৃষ্টি হলেই সর্বত্র জমে থাকে পানি। বিশ্বনাথে পৌরসভা না থাকায় ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে নেই কোনো নিয়মকানুন। ফলে যত্রতত্র সৃষ্টি হচ্ছে ময়লা-আবর্জনার স্তূপ। বিশ্বনাথে সোডিয়াম লাইট না থাকায় অন্ধকারাছন্ন শহরে বৃদ্ধি পায় অপরাধ-প্রবণতা। উপজেলা সদরের মতো সর্বত্র (দোকান-বাড়ি-বাসায়) বেড়েছে চুরি-ডাকাতি, মাদক ক্রয়-বিক্রয়, পতিতাদের উৎপাত, মারামারিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। ফলে ব্যবসায়ীসহ সব মানুষের মধ্যে বিরাজ করে এক অজানা আতঙ্ক। ভরাট হচ্ছে নদী-নালা: বিশ্বনাথের নদী-নালা, খাল-বিলগুলো খনন না করার কারণে দিন দিন এগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে করে কৃষিকাজে কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দিন দিন কমছে তাই কৃষি জমি চাষের প্রবণতা। আর এগুলো ভরাট হওয়ার কারণে ভূমিখেকোরা তা অতি সহজেই দখল করে নিচ্ছেন।উপজেলা সদরের ব্যবসায়ী সেবুল মিয়া বলেন, পুলিশের জনবল সংকটের কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নড়বড়ে। পুলিশি টহল বৃদ্ধি পেলে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার পাশাপাশি উপজেলার চুরি-ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডও অনেকাংশে কমে যাবে।সংগঠক মোহাম্মদ আলী শিপন বলেন, পরিকল্পিতভাবে ঘরবাড়ি বানালে (তৈরি) চলাচলের জন্য রাস্তাঘাট, পানি নিষ্কাশনের জন্য পয়োনিষ্কাশন-ব্যবস্থাও থাকবে। তাছাড়া অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বনাথে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হলে উপজেলাবাসী অনেক উপকৃত হবে। বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সুনু মিয়া বলেন, ‘বিশ্বনাথে পৌরসভা স্থাপন হলে সরকার বছরে কোটি টাকার রাজস্ব পাবে, আমরাও (উপজেলার মানুষ) পাব কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। বাড়বে নাগরিক সুযোগ-সুবিধা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক বলেন, ‘বিশ্বনাথকে পৌরসভায় উত্তীর্ণ করার ব্যাপারে আমরা সরকার থেকে বর্তমানে কোনো সিদ্ধান্ত বা কোনো কাগজপত্র পাইনি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেই অনেক আগে পৌরসভা স্থাপিত হয়েছে। কিন্তু সিলেটের প্রবাসী-অধ্যুষিত বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলায় পৌরসভা না থাকা সত্যিই দুঃখজনক একটি বিষয়। এলাকার উন্নয়নের জন্য এ দুটি উপজেলায় পৌরসভা স্থাপন করা জরুরি।