বিশ্বনাথে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনছার আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার কালীগঞ্জ বাজারের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। র‌্যাব ও পুলিশের ভাষ্যমতে, আনছার আলী (৩০) ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের বাসিন্দা।গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৯ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের একটি দল বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালীগঞ্জ বাজারের সিরাজ মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম দিকে টহল দিচ্ছিল। ইটভাটার কাছে একটি পরিত্যক্ত ঘরে ডাকাত সদস্যদের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের টহলরত সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তারা কোনো উত্তর না দিয়ে র‌্যাবের সদস্যদের ওপর অতর্কিতে গুলি ছুড়তে থাকে। র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি করেন। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়।পরে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহূত একটি দেশি রিভলবার, একটি দেশি বন্দুক, একটি ছোরা, বন্দুকের দুটি কার্তুজ, রিভলবারের চারটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা করেছে। পরে আশপাশের লোকজনের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে র‌্যাব। নিহত আনছারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুনসহ ১৮টির বেশি মামলা রয়েছে। লাশ বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্বনাথ থানার সামনে আনছারের বাবা ইছন আলী ও বোন রিপা বেগম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘সোমবার বিকেলে কোনো অভিযোগ ছাড়াই র‌্যাবের সদস্যরা পরিবারের পাঁচজন সদস্যকে (রীতা বেগম, হামিদ মিয়া, হোসেন মিয়া, শাহীদ আলী ও নূর মোহাম্মদ) আটক করে র‌্যাব-৯ সিলেট কার্যালয়ে নিয়ে যান। পরদিন মঙ্গলবার আনছার আলীকে র‌্যাব সদস্যরা আটক করেছেন বলে খবর পাই। তাকে আটক করার পর ওই দিন বিকেলে আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে তাকে গুলি করে মারা হয়।’বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, আনছার একজন চিহ্নিত ডাকাত। তিনি একাধিক মামলার পলাতক আসামি। বুধবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে তিনি মারা যান।