বিশ্বনাথে সংঘর্ষে আহত জাকির মারা গেছেন
সিলেটের বিশ্বনাথে হরতালের সময় গুলিবিদ্ধ জাকির হোসেন (২৮) মারা গেছেন। গতকাল বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত সোমবার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পায়ে রাবার বুলেট ও পেটে গুলিবিদ্ধ হন জাকির। ওই অবস্থায় তিনি পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশের উপস্থিতিতেই তাঁকে বেদম পেটান ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক জানান, জাকিরের পেটে যেখানে গুলি লেগেছে সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় অস্ত্রোপচার শুরু করা পর্যন্ত তাঁর রক্তক্ষরণ চলছিল। জাকিরের পেট ও ডান পায়ের গোড়ালিতে তিনটি অস্ত্রোপচার করা হয়। বুধবার (গতকাল) ভোর পাঁচটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।সোমবার হরতাল চলাকালে বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা এ নিয়ে তিনজনে দাঁড়াল। ঘটনার দিন নিহত হন যুবদলের কর্মী মনোয়ার হোসেন (২৬) ও ছাত্রদলের নেতা সেলিম আহমদ (২২)। জাকির পেশায় রিকশাচালক ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নরসিংপুর ইউনিয়নের দোলারগাঁওয়ে। তিন ভাইয়ের মধ্যে জাকির ছিলেন সবার বড়। বাবা-মা ও ভাইদের নিয়ে তিনি বিশ্বনাথের নকিখালি ইব্রাহিমের কলোনিতে ভাড়া থাকতেন। জাকিরের বাবা ভুট্টো মিয়া গতকাল সকালে ইব্রাহিমের কলোনিতে প্রথম আলোকে বলেন, ‘কিতা আর খইতাম বাপ, মিছিল তো পুয়ারে কাড়ি নিল গি। একমাত্র রোজগারি পুয়াটারে হারাইয়া খাইয়া-পইরা বাচাটা কষ্টের অই গেল।’‘ও পুলিশ তোমরার কি পুয়া-পুরুতা (ছেলে-সন্তান) নাই নিরে’ বলে বিলাপ করছিলেন জাকিরের মা রহিমা বেগম।গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনদের সঙ্গে জাকির অস্ফুট স্বরে কথা বলছেন। এ সময় তিনি প্রথম অলোর এই প্রতিবেদককে জানান, ওই দিন তাঁর পায়ে বুলেটবিদ্ধ হওয়ার পর তিনি মিছিলের সম্মুখভাগ ছেড়ে পেছনে গিয়ে ঢিল ছুড়ছিলেন। এ সময় পেটে একটি গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। ধরা পড়ার পর কারা তাঁকে মারধর করেছিল জানতে চাইলে জাকির বলেন, ‘আমার তো পেট ফাইট্টা রক্তে ভাসি গেছিল! ই-মাইর আর টের পাইছি না!’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্ত শেষে বুধবার রাতে জাকিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও জানান, হরতালে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া উপজেলার রাজনগর এলাকার একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের খোয়া যাওয়া গ্যাসগানটিও উদ্ধার করা হয়েছে। সোমবার সংঘর্ষের সময় এটি ছিনতাই হয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামনি চাকমা জানান, ওই দিনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের কমিটি গতকাল কাজ শুরু করেছে।মনোয়ার ও সেলিমের দাফন সম্পন্ন: নিহত মনোয়ার ও সেলিমের দাফন গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পুুলিশ ওই রাতে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ প্রহরায় জানাজা শেষে রাত সাড়ে ১০টায় মনোয়ার ও ১১টায় সেলিমের লাশ দাফন করা হয়।১৮টি অভিযোগ দাখিল: বিশ্বনাথ উপজেলা পরিষদের ১৮টি দপ্তরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নথিপত্র তছনছের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মঙ্গলবার রাতে ১৮টি লিখিত অভিযোগ দাখিল করেন। এর আগে ওই ঘটনার পরদিন দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়।