বিশ্বনাথে ৩১০টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি ইউনিয়নের ৪৩৬টি গ্রাম নিয়ে বিশ্বনাথ উপজেলা। এর মধ্যে ৩১০টি গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ফলে অনেক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। আর যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে, সেগুলোর অবস্থাও করুণ। বিদ্যালয়গুলোতে রয়েছে শিক্ষক, আসবাবপত্র ও শিক্ষা-উপকরণ সংকট। উপজেলা শিক্ষা অফিসে লোকবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষাকার্যক্রম। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এক শ ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলের ১১টি প্রধান শিক্ষক এবং ১৬টি সহকারী শিক্ষকপদ রয়েছে শূন্য। উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা কর্মকর্তার ৩টি, অফিস সহকারীর একটি ও এমএলএসএসের একটি পদ রয়েছে শূন্য। এর ফলে, শিক্ষাকার্যক্রম পরিচালনায় শিক্ষা অফিসকে ঝামেলা পোহাতে হচ্ছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক শিক্ষকতা করেন তার মধ্যে বেশির ভাগই বিশ্বনাথে থাকেন না। তাঁরা নিজেদের সন্তানদের ভালো স্কুলে লেখাপড়া করাতে সিলেট শহরে বসবাস করেন। এতে প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছাতেও তাঁদের দেরি হয়। বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুদ্দিন বলেন, বিশ্বনাথের শিক্ষার মান বাড়াতে হলে গ্রামভিত্তিক সম্ভব না হলেও, দুটি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি। লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলার অন্য ইউনিয়নের চেয়ে আমার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম। তাই এ ইউনিয়নের শিক্ষার হার বাড়াতে লামাকাজী ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রয়োজন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম বলেন, দেশের অন্যান্য উপজেলার চেয়ে এখানে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম। ফলে অনেক ছাত্র শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাই এ উপজেলায় আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি। তাছাড়া অফিসে লোকবল সংকটেও উপজেলার শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে আমাদের। এ মুহূর্তে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে, সময়ের প্রয়োজনেই।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আগুরা বলেন, উপজেলায় বেশি করে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হলে এখানকার শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথের শিক্ষার হার বাড়ানোর জন্য উপজেলার বিভিন্ন স্থানে নতুন আরও ৪০ থেকে ৫০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য কাজ করছি। স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বিশ্বনাথের শিক্ষার হার বাড়াতে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি। তাই স্থানীয়ভাবে উদ্যোগ নিলে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।