বিশ্বনাথের গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। সংস্কারকাজ না হওয়ায় সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কগুলোর এমন করুণ অবস্থা থাকলেও তা না-দেখার ভান করে রয়েছেন সংশ্লিষ্ট সবাই—এমন অভিযোগ উপজেলাবাসীর। কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়া সড়কগুলো হচ্ছে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক, বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী-ছাতক সড়ক, বিশ্বনাথ-বৈরাগীবাজার-সিঙ্গেরকাছ সড়ক, বিশ্বনাথ-খাজাঞ্চী-আনন্দবাজার-কামালবাজার সড়ক, বাগিছা বাজার-গুদামঘাট সড়ক, হাবড়া-বাগিছা সড়ক, বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়ক। যথাসময়ে সংস্কার না করায় সড়কগুলোর এখন বেহাল দশা। এসব সড়কে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন। পাকা না হওয়া জনগুরুত্বপূর্ণ সড়কগুলো হলো বিশ্বনাথ-শ্বাসরাম-পুরকায়স্থ বাজার-কুরুয়া সড়ক, রাজাগঞ্জ বাজার-তেলিকোনা-খাজাঞ্চী সড়ক, রাজাগঞ্জ বাজার-খাজাঞ্চীগাঁও-পরগনাবাজার সড়ক, মিরেরচর-গন্ধারকাপন-কালীগঞ্জ সড়ক, রামপুর-ছহিফাগঞ্জ বাজার-মুফতির বাজার সড়ক, হাবড়া-দশপাইকা-ইউনিয়ন পরিষদ সড়ক, মৌলভীরগাঁও-সিঙ্গেরকাছ সড়ক, পাড়ুয়া প্রাথমিক বিদ্যালয়-সড়িষপুর সড়ক, সিঙ্গেরকাছ বাজার-সিংরাওলী-পূর্বপাড়া নোয়াগাঁও সড়ক। শ্বাসরাম গ্রামের হাজী সাজিদ আলী প্রথম আলোকে বলেন, স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে গেলেও উপজেলার জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-পুরকায়স্থবাজার-কুরুয়াবাজার রাস্তা পাকা করা হয়নি। ৫৬ বছর (১৯৫৩ সালে) আগে প্রায় ১৮ ফুট প্রশস্ত বিশ্বনাথ-পুরকায়স্থবাজার-কুরুয়াবাজার রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটির মাটিকাটা-কাজের উদ্বোধন করেন জেনারেল আতাউল গনি ওসমানী। একে একে পাঁচটি যুগ অতিবাহিত হলেও আজও পাকা হয়নি। মাত্র তিন কিলোমিটারের সড়কটি পাকা না না হওয়ায় দক্ষিণ বিশ্বনাথ-ওসমানীনগর থানার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র কিছুদিন আগে বিশ্বনাথে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছি। তাই বিশ্বনাথের সকল রাস্তা-ঘাট সম্পর্কে আমার জানা নেই। আমি প্রতিদিনই উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করছি। পরিদর্শন শেষে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসব সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করব।’এ ব্যাপারে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পর্যায়ক্রমে বিশ্বনাথের বিভিন্ন রাস্তা সংস্কার ও পাকা করার কাজ চলছে। শিগগিরই জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। পাকা না হওয়া জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজও শুরু হচ্ছে শিগগিরই।’