বিশ্বনাথের ঘটনায় দুটি মামলা
বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ। বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাতে উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বাদী হয়ে বিশ্বনাথ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা (মামলা নম্বর-১৫) দায়ের করেন। এ মামলা অজ্ঞাতনামা তিন হাজার লোককে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল ধর একটি মামলা (পুলিশ অ্যাসল্ট) করেন। পাঁচ হাজার জনকে আসামি করে দায়ের করা এ মামলায় ১২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।এদিকে আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা থেকেই পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জলকামানসহ উপজেলার বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। হরতাল সমর্থকেরা এখনো মাঠে নামেনি। উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথে গতকাল সোমবার দুপুর থেকে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে যুবদলের এক নেতাসহ দুজন নিহত হন। এছাড়া এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।