বিশ্বনাথের সাত ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের সময় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় অভিযুক্ত হওয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা।গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব মোছা. কামরুন্নাহার স্বাক্ষরিত পৃথক স্মারকে বরখাস্তের আদেশ হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সাত ইউপির প্যানেল চেয়ারম্যান-১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়া চেয়ারম্যানদের একজন যুবলীগের নেতা। বাকি ছয়জন আওয়ামী লীগের সমর্থক। বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হচ্ছেন: উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (বিশ্বনাথ সদর), সহসভাপতি শফিক উদ্দিন আহমদ (দশঘর), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ওরফে ধলা মিয়া (লামাকাজী), যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া (অলংকারী), দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী (দৌলতপুর), দেওকলস ইউনিয়ন সভাপতি তাহিদ মিয়া (দেওকলস) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী (খাজাঞ্চী)।পুলিশ সূত্র জানায়, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২৩ এপ্রিল তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছাত্রদল ও যুবদলের দুই নেতা-কর্মী এবং একজন রিকশাচালক নিহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। বিশ্বনাথের আট ইউপি চেয়ারম্যানসহ ১৩২ জন এবং অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে গত ১৬ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে প্রশাসনের করা মামলার অভিযোগপত্রে উপজেলা বিএনপির সহসভাপতি রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খানের নাম ছিল না। ৩০ মে আওয়ামী লীগে যোগ দেন আনোয়ার। বিশ্বনাথ বিএনপির কয়েকজন নেতা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগে যোগ দেওয়ায় আনোয়ারকে বরখাস্ত করা হয়নি।এসব ব্যাপারে বিশ্বনাথের ইউএনও সোনামণি চাকমা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দুটো মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় অভিযুক্ত চেয়ারম্যানদের পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়ন পরিষদ আইন ও জনস্বার্থে সমীচীন নয়। তাই তাঁদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১) মোতাবেক জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিষদগুলোর প্যানেল চেয়ারম্যানকে (১) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন: বিশ্বনাথ সদর ইউনিয়নে রহমত আলী, লামাকাজীতে এনামুল হক, খাজাঞ্চীতে তালুকদার আবদুল কাদির, অলংকারীতে রফিক মিয়া, দৌলতপুরে আকবর আলী, দেওকলসে আবদাল মিয়া ও দশঘর ইউনিয়নে হাবিবুর রহমান। এর মধ্যে লামাকাজীর এনামুল হক উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির সদস্য। অন্য ছয়জন আওয়ামী লীগের সমর্থক বলে জানা যায়।তবে বরখাস্ত করার ঘটনা ক্ষমতাসীন দলের প্রহসন বলে উল্লেখ করেছেন লামাকাজী ইউপির বরখাস্ত হওয়া চেয়ারম্যান কবির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলায় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যানরা অভিযুক্ত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগে যোগ দেওয়ায় রামপাশার আনোয়ার খানের চেয়ারম্যান পদ বহাল আছে। আর আওয়ামী লীগে যোগ না দেওয়ায় আমাদের সাত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। আমরা আইনের মাধ্যমেই এ পরিস্থিতির মোকাবিলা করব।’ এ ব্যাপারে গতকাল আনোয়ার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ‘উপজেলা প্রশাসন জনস্বার্থে চেয়ারম্যানদের বরখাস্ত করে নতুন প্যানেল চেয়ারম্যানদের নিয়োগ দিয়েছেন। এ পদক্ষেপের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগসূত্র ছিল না।’মামলার আসামি এক ইউপি চেয়ারম্যানের বহাল থাকা প্রসঙ্গে ইউএনও সোনামণি চাকমা প্রথম আলোকে বলেন, ‘উনি (আনোয়ার খান) পুলিশ বাদী হয়ে করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আমরা শুধু উপজেলা প্রশাসনের করা মামলায় অভিযুক্ত আসামিদের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’অভিযুক্ত আনোয়ার খান সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে ইউএনও ‘পরে দেখা যাবে’ বলে এড়িয়ে যান।