বিশ্বনাথের সেই জাকির আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে গত সোমবার হরতাল চলাকালে পুলিশের মুখোমুখি হওয়া জাকির হোসেন (২৮) আর নেই। আজ বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জাকিরের বাড়ি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইলাম গ্রামে। বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন জানান, জাকির যুবদলের কর্মী।বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর ওপর স্থাপিত সেতু এলাকা গত সোমবার রণক্ষেত্রে পরিণত হয়। সেতুর ওপার থেকে বিক্ষোভকারীরা এপারে আসার চেষ্টা করাতেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বেলা তিনটায় বাসিয়া সেতুর ওপর পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে চলে ১০-১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় জাকির হোসেন পুলিশের মুখোমুখি হয়। বিক্ষোভকারীদের মিছিল থেকে পুলিশের ওপর ছোড়া হচ্ছিল ঢিল। একের পর এক ঢিলের কারণে পুলিশও এগোতে পারছিল না। একসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ধাওয়া করে। রাবার বুলেট জাকিরের পায়ে বিদ্ধ হয়। এরপর জাকির আবার তেড়ে আসেন পুলিশের দিকে। এই পর্যায়ে পুলিশ পায়ে গুলি করে। জাকির লুটিয়ে পড়েন মাটিতে। এরপর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জাকিরকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে জাকিরকে সেতুর ওপর আরও ১০ মিনিটের মতো পড়ে থাকতে দেখা যায়। জাকিরের পা ও পেট থেকে তখন রক্ত ঝরছিল। হাত উঠিয়ে তাঁকে উদ্ধার করার জন্য কয়েক দফা আর্তনাদ করছিলেন জাকির। কিন্তু আশপাশে তখন কেউ না থাকায় তিনি সেভাবেই পড়ে ছিলেন। শেষে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জাকির সেতুর ওপর এভাবে পড়ে থাকায় প্রথমত তাঁকে নিয়ে নিহত হওয়ার গুজব ছড়ানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হলেও আজ ভোরে তিনি মারা যান।সিলেটের বিশ্বনাথে গত সোমবার হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে যুবদলের এক নেতাসহ দুজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এদিকে হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তিন দিনে ৫০ জনকে আটক করা হয়েছে।এ ছাড়া উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম প্রথম আলো ডট কমকে এ কথা জানিয়েছেন।গত সোমবার বিশ্বনাথে হরতালের সময় পুলিশের খোয়া যাওয়া গ্যাসগানটি আজ বুধবার বেলা ১১টায় উদ্ধার করা হয়েছ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজনগর গ্রামের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। বিশ্বনাথ থানার উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।