বিশ্ববাজারে ওষুধশিল্পে নেতৃত্ব দেবে বাংলাদেশ: দিলীপ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণ করে চুক্তিবদ্ধ উত্পাদনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে ওষুধশিল্পে নেতৃত্ব দেবে। বাংলাদেশের জন্য বছরে প্রায় ২০০ বিলিয়ন টাকা আয় করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।মন্ত্রী বলেন, এ ছাড়া বাংলাদেশি উদ্যোক্তারা বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জেনেরিক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টও রপ্তানি করতে পারে। মহাজোট সরকার ওষুধ রপ্তানির এ সুযোগ কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে বলে তিনি জানান।আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ওষুধশিল্পের বিশ্বায়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কনসালট্যান্ট (প্রা.) লিমিটেড (এপিসি) এ সম্মেলনের আয়োজন করেছে।জার্মানির সকরা টেক আর অ্যান্ড ডির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক হেনিং ব্লুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির, এপিসির ব্যবস্থাপনা পরিচালক হালিম গুনুয়ান প্রমুখ।শিল্পমন্ত্রী আরও বলেন, ওষুধ শিল্পোদ্যোক্তাদের সহায়তা দিতে বিসিকের মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়ান্স (এপিআই) শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে। ২০১২ সালের জুলাই মাসের মধ্যে এ পার্ক নির্মাণ সম্পন্ন হলে দেশীয় ওষুধশিল্পের অধিকাংশ কাঁচামাল এখান থেকেই উত্পাদন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বমানবতার কল্যাণে ওষুধশিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ওষুধ উত্পাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশীয় ওষুধশিল্প কারখানাগুলো দেশের মোট চাহিদার ৯৭ শতাংশ ওষুধ জোগান দেয়। বাংলাদেশে উত্পাদিত ওষুধ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার প্রায় ৮০টি দেশে রপ্তানি হয়। বাসস।