পাকিস্তানে তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৫) তাকে সমর্থন দেওয়ার জন্য বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। অন্যদিকে মালালাকে শান্তি নোবেল পুরস্কার দেওয়ার আহ্বানে গণস্বাক্ষর করেছে যুক্তরাজ্যের ৩০ হাজারের বেশি নাগরিক।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে গত অক্টোবর মাসে একটি স্কুলবাসে তালেবানের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মালালা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।মালালার বাবা জিয়াউদ্দিনের বিবৃতিটি প্রকাশ করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে জিয়াউদ্দিন বলেন, ‘মালালা আমার মাধ্যমে সবাইকে এ কথা বলতে বলেছে যে সে সবার প্রতি কৃতজ্ঞ। সারা বিশ্বের নারী, পুরুষ ও শিশুরা তার জন্য যেভাবে মঙ্গল কামনা করেছে, তাতে সে বিস্ময়াভিভূত।’বিবৃতিতে জিয়াউদ্দিন আরও বলেন, সব শান্তিকামী ব্যক্তি, যারা মালালাকে হত্যাচেষ্টার বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি কামনা করে প্রার্থনা করেছে এবং শান্তি, শিক্ষা, চিন্তার স্বাধীনতা ও বাক্-স্বাধীনতার পক্ষে সমর্থন দিয়েছে; তাদের সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ মালালা।হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল মালালার বেশ কিছু ছবিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়, সে বসে বই পড়ছে। অন্য কয়েকটি ছবিতে তাকে শুভকামনা জানিয়ে লেখা চিঠিগুলো নিবিষ্টচিত্তে পড়তে দেখা যায়।এদিকে মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে একটি আবেদনপত্রে সই করেছে যুক্তরাজ্যের ৩০ হাজারের বেশি মানুষ। তারা এ ব্যাপারে প্রস্তাব আনার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শাহিদা চৌধুরী নামের এক নারী এ গণস্বাক্ষর অভিযান শুরু করেন। তিনি বলেন, ‘মালালা শুধু তরুণীদেরই প্রতিনিধিত্ব করে না; সে সেই সব মানুষের প্রতিবাদী কণ্ঠ, যারা লিঙ্গ-বৈষ্যমের শিকার হয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। মালালার মতো নারী যুক্তরাজ্যসহ বিশ্বের সবখানেই রয়েছে। আমি তাদেরই একজন।’ শাহিদা জানান, তিনি এই কর্মসূচি শুরু করেছেন এ কারণে, মালালাকে নোবেল পুরস্কার দেওয়া হলে তা এই বার্তা দেবে, যাঁরা নারীশিক্ষার জন্য কথা বলেন, বিশ্ব তাঁদের কর্মকাণ্ড দেখছে এবং তাঁদের পাশে দাঁড়াবে।যুক্তরাজ্যের বাইরে কানাডা, ফ্রান্স ও স্পেনেও একই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ শনিবার মালালার ওপর হামলার প্রথম মাস পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালিত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের বিশেষ শিক্ষাদূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তিন দিনের সফরে গতকাল পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি মালালার ঘটনা নিয়ে পাকিস্তানে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এএফপি, রয়টার্স, বিবিসি ও ডন।