সব ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছর হচ্ছে। এ জন্য আজ সোমবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।সকালের অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি ১০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে বিলটি উত্থাপন করা হয়েছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬০। এ জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা যৌক্তিক।মন্ত্রী জানান, গত ১৮ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব করলে রাষ্ট্রপতি এতে একমত পোষণ করেন।