বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থায় ইউজিসির উদ্বেগ
শিক্ষক-আন্দোলনে দেশের কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার কমিশনের পূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ইউজিসির কর্মকর্তারা। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, ‘দেশে এখন উচ্চশিক্ষা গ্রহণরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২৬ লাখ। সংখ্যার দিক দিয়ে এটি বিরাট অর্জন। এর সুফল কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার কাজ আরও সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন হওয়া জরুরি। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্র-আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাজে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী, মুহিবুর রহমান, মোহাম্মাদ মোহাব্বত খান, আবুল হাশেম, আখতার হোসেন প্রমুখ। সম্প্রতি কুষ্টিয়ার ইসলামী ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানামুখী সমস্যায় অচলাবস্থা বিরাজ করছে।