বিশ্ববিদ্যালয় অচল ২৭ দিন, কর্তৃপক্ষ চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ দিন ধরে অচল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। এ অবস্থা নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এমনকি এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষের পক্ষ থেকে। ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে। হতাশ হয়ে অনেক শিক্ষার্থী হল ছেড়ে চলে যাচ্ছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এ অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ভাঙচুর, বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও পরিবহন ধর্মঘটের ঘটনা ঘটে। এতে ২৭ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অঘোষিতভাবে বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ কর্তাব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আসছেন না। ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কর্মকাণ্ড। এ সুযোগে আশপাশের স্থানীয় বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে গেছে; সন্ধ্যার পর ক্যাম্পাসের ভেতর একাধিকবার গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আবাসিক শিক্ষার্থী ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।আজ সকালে ক্যাম্পাস ছাড়ছিলেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সিমি ইফতেখার। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্যাম্পাস খোলার কোনো নিশ্চয়তা নেই। এভাবে ক্যাম্পাসে আর কত দিন থাকব? তাই বাড়িতে চলে যাচ্ছি।’আজ শনিবার ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উপাচার্য, সহ-উপাচার্যসহ কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বিশ্ববিদ্যালয়ে আসেননি। প্রশাসন ভবন ও বিভিন্ন অনুষদ ভবনের ফটকে তালা ঝুলছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের গুজব ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। তবে প্রশাসনের কেউ এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি। ২২ অক্টোবর পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি শুরু হওয়ার কথা। ১৫ দিন ক্যাম্পাস বন্ধ থাকবে।ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির আগেই ক্যাম্পাস বন্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা চিন্তা-ভাবনা করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক জানান।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী প্রথম আলো ডটকমকে বলেন, দিনের পর দিন অনির্ধারিতভাবে ক্যাম্পাস বন্ধ থাকা উচিত নয়। এই অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ক্যাম্পাস সচল করার ব্যাপারে নিশ্চিয়তা দিতে পারেননি। তবে শিক্ষকদের সঙ্গে আলাপ করে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।