বিশ্ববিদ্যালয় কারিকুলাম ঢেলে সাজানো প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, উচ্চশিক্ষাকে জীবনঘনিষ্ঠ করতে হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম ঢেলে সাজানো প্রয়োজন। তিনি বলেন, ‘আমি চাই, বিশ্ববিদ্যালয়গুলো অতীত গৌরবের ওপর ভিত্তি করে নতুন প্রজন্মকে যুগের চাহিদা অনুযায়ী গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলুক।’আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।দেশের সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান আরও বলেন, ‘সমাজের সবচেয়ে মেধাবী ও বিবেকবান ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকেরা তাঁদের বুদ্ধি, বিবেচনা, মেধা ও মনন দিয়ে জাতি গঠনে আরও অবদান রাখবেন, এটাই প্রত্যাশা করি।’রাষ্ট্রপতি আরও বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের নানা আর্থসামাজিক সমস্যা রয়েছে। রয়েছে অজ্ঞানতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি। তিনি নতুন স্নাতকদের উদ্দেশে এসব কুসংস্কার কাটিয়ে ওঠার আহ্বান জানান।’ নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে জিল্লুর রহমান আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজ যতটা সম্ভব, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয়ে ৮৮২ জনকে স্নাতকোত্তর ও ৭৪৩ জনকে স্নাতক ডিগ্রি এবং ভালো ফলাফলের জন্য ইশতিয়াক আহমেদ, ফারজানা হক ও খন্দকার আলী আজগরকে স্বর্ণপদক তুলে দেন।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বক্তব্য দেন। বাসস।