বিশ্ববিদ্যালয় শিক্ষককে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই
ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায় গতকাল সোমবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাভার থানা সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক আইয়ুব খান (৪০) ও তাঁর স্ত্রী রীনা আক্তার জমি নিবন্ধনের জন্য গতকাল বিকেলে ইসলামী ব্যাংক সাভার বাজার বাসস্ট্যান্ড শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে স্বামী-স্ত্রী রিকশাযোগে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা ব্যাংক কলোনি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত এসে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আইয়ুব খানের মাথা, পা ও হাতে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইয়ুব খানের শরীরে অস্ত্রোপচার চলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি সংস্কার কাজে নিয়োজিত নির্মাণশ্রমিক মো. কামাল হোসেন জানান, একটি মোটরসাইকেলে দুজন এবং অপর একটি মোটরসাইকেলে করে তিনজন কালো পোশাক পরা লোক এসে আইয়ুব খানকে বহনকারী রিকশাটির গতি রোধ করে। রীনা আক্তার টাকার ব্যাগ নিয়ে রিকশা থেকে নেমে পড়েন। এ সময় এক দুর্বৃত্ত আইয়ুব খানকে লক্ষ্য করে দু-তিনটি গুলি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আইয়ুব খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারে থাকেন। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গতকাল বিকেলে এক বিবৃতিতে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্লাহ শিক্ষককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।