স্বপ্নের স্বদেশ ভাবনায় শিক্ষা প্রসঙ্গে শুরুতেই বলতে হয়, যা সবাই জানি সেই বহু চেনা কথাটিই, অর্থাৎ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতীয় উন্নয়নের চাবিকাঠি। অথচ এই শিক্ষাক্ষেত্রেই আমরা অনেক পিছিয়ে আছি। অবশ্যই স্বাধীনতা-উত্তর চার দশকে এ ক্ষেত্রে আমরা বেশ এগিয়েছি, পরিমাণগতভাবে তো বটেই। তবে বাস্তবতা হলো অন্যান্য প্রতিবেশী উন্নয়নশীল দেশের তুলনায় তেমন এগোতে পারিনি, এমনটি হওয়ার কথা ছিল না।বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দেশ গড়ার কাজে নেমেই আমাদের স্বপ্ন দেখালেন ‘সোনার বাংলা’র। আর এই ‘সোনার বাংলা’ নির্মাণের আদর্শিক ভিত্তিও তিনিই সংবিধানের মাধ্যমে নির্ধারণ করেছেন, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা; অর্থাৎ একটি আধুনিক, প্রগতিশীল, বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার ছিল বঙ্গবন্ধু তথা স্বাধীন বাংলাদেশের প্রারম্ভিক নেতৃত্বের। এ রকম একটি দেশ গঠনের একেবারে মৌলিক ভিত্তি হতেই হবে যে উপযুক্ত আধুনিক উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষাব্যবস্থার রূপরেখা গঠন, তা-ও তাঁরা প্রথম থেকেই অনুধাবন করেছিলেন এবং অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রথম পঞ্চবার্ষিক (১৯৭৩-৭৮) পরিকল্পনা প্রণয়ন ও ড. মুহম্মদ কুদরাত-এ-খুদার নেতৃত্বাধীন শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন। কমিশন তার দায়িত্ব যথারীতি সম্পাদন করেছিল, প্রাসঙ্গিক সুপারিশমালা উপস্থাপন করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও সরকারবদলের কারণে খুদা কমিশন বাস্তবায়নের সুযোগ হয়নি। পরবর্তীকালে বেশ কয়েকটি শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, প্রতিবেদন তথা সুপারিশও দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোর অনুমোদন কিংবা বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার শুরুতেই একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেয় এবং অল্প সময়ের মধ্যে মন্ত্রিসভা তথা সংসদের অনুমোদন লাভে সমর্থ হয়। এটি নিঃসন্দেহে সরকারের বিশাল কৃতিত্ব। বর্তমানে শিক্ষানীতির সুপারিশসমূহ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। কাজটি মোটেও সহজ নয়।২০১০-এর শিক্ষানীতিতে বাংলাদেশের সংবিধানের শিক্ষাসংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিধান ও খুদা কমিশনের মৌলিক বিষয়সমূহের প্রতি সম্মান রেখেই সুপারিশসমূহ উপস্থাপিত হয়েছে। শিক্ষানীতির মূল উদ্দেশ্য ‘মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিমান, নিজের এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কুসংস্কারমুক্ত, পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক গড়ে তোলা’। শিক্ষানীতির ২৭টি অধ্যায়ে ঘোষিত লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল বিস্তারিত করা হয়েছে। এতে শিক্ষার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ও রূপরেখা নিয়ে প্রায় সবই বলা হয়ে গেছে। শিক্ষানীতির বহুবিধ প্রসঙ্গকে সরলভাবে চারটি মাত্রায় চিহ্নিত করা সম্ভব: যথা—ক) শিক্ষায় প্রবেশগম্যতা (‘অ্যাকসেস’) অর্থাৎ এর পরিমাণগত দিক (এ প্রসঙ্গে গণমুখিনতা ও শ্রেণী, জাতি ও আঞ্চলিক বা ভৌগোলিক সুষম বিস্তৃতির উল্লেখ লক্ষণীয়, খ) গুণগত মান (‘কোয়ালিটি’), এতে বিজ্ঞানমনস্কতা, দক্ষতা, সৃজনশীলতা ও প্রাসঙ্গিকতার প্রসঙ্গ বিবেচ্য, গ) শিক্ষাসেবা গ্রহণে আর্থিক সক্ষমতা, এ ক্ষেত্রে ‘সুলভ’ করার অঙ্গীকার স্মরণীয়, এবং ঘ) শিক্ষায় মানবিকতা, নৈতিকতা ও সমবণ্টনের প্রসঙ্গ প্রণিধানযোগ্য।আমরা যদি শিক্ষাক্ষেত্রে প্রবেশাধিকার বা প্রবেশগম্যতার কথা বিবেচনা করি, তাহলে সংবিধান তথা খুদা কমিশন বা ২০১০ শিক্ষানীতি সবার জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করার যে অঙ্গীকার ব্যক্ত করেছে, এটি অবশ্যই প্রশংসনীয়। ‘দেশের জনগণকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে হবে’—শিক্ষানীতির এই অঙ্গীকার আমাদের স্বপ্নের স্বদেশের প্রাথমিক ও অতি জরুরি বিষয়। এখনো দেশের প্রায় ৪০ ভাগ মানুষ নিরক্ষর। আমরা অবশ্যই স্বপ্ন দেখি, অতি অল্প সময়ের মধ্যে এটি শূন্যের কোঠায় নেমে আসবে। শুধু নিরক্ষরতা দূরীকরণ নয়, প্রাথমিক শিক্ষার মান ন্যূনতম পর্যায়ে নিশ্চিত করার জন্য প্রাথমিক শিক্ষা সরকারঘোষিত অষ্টম শ্রেণীতে উন্নীত করতে হবে। আমাদের স্বপ্ন, ২০১৫ সালের মধ্যেই এই টার্গেট পূরণ হবে।শিক্ষার ধারা বা ধরন নিয়ে কথা হয়। সংবিধান ও খুদা কমিশনেও এক ও অভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থার কথা বলা হয়েছিল। আমরাও এমন একটি ব্যবস্থা প্রবর্তনের স্বপ্ন দেখতে আগ্রহী, কিন্তু বাস্তবতার নিরিখে কিছু সমঝোতা করে বলতে চাই, বিভিন্ন ধারায়, যথা—সাধারণ বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষা—এই তিন ধারার মধ্যে পার্থক্য কমিয়ে আনা ও সমন্বয় ঘটানোই লক্ষ্য হওয়া উচিত। তিন ধারার যেকোনোটিতে শিক্ষাপ্রাপ্ত হয়ে যেন এ দেশের শিশু একজন বিদেশের কিশোর বা তরুণে পরিণত না হয়, রাষ্ট্রের চার মূলনীতির আদর্শ থেকে দূরে না থাকে।বিশাল জনসংখ্যার দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে প্রতিবছর স্কুল, কলেজ তথা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের সংখ্যা বিপুলভাবে বাড়ছে। সকল স্তরে প্রবেশ-প্রার্থীদের সংখ্যাও একই রকম প্রবলভাবে বাড়ছে। আমাদের স্বপ্ন উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল সফল শিক্ষার্থীকে শিক্ষালাভের সুযোগ দেওয়া হবে, এমনকি স্নাতক পর্যায় পর্যন্ত তারা এমন সুযোগ পাবে। স্নাতকোত্তর উচ্চশিক্ষায় প্রবেশাধিকার মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার সুযোগ হয়তো থাকবে না, তবে মেধাবী ও যোগ্যদের জন্য উচ্চশিক্ষার দ্বার অবশ্যই উন্মুক্ত থাকবে। এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পূর্ণ আর্থিক সহযোগিতার নিশ্চয়তা থাকবে। কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে প্রবেশগম্যতা বাড়ানোর স্বপ্ন দেখি আমরা। শিক্ষার উদ্দেশ্য বেকার যুবক সৃষ্টি হবে না, হবে কর্মক্ষম, সৃজনশীল, উৎপাদনমুখী, প্রায়োগিক জনশক্তি সৃষ্টি। উচ্চশিক্ষা অত্যন্ত ব্যয়বহুল, সে কারণে কোন ক্ষেত্রে কত শিক্ষার্থী বিদ্যার্জন করবে, এ বিষয়ে ব্যাপক পরিকল্পনা থাকতে হবে। আমাদের স্বপ্নের শিক্ষাব্যবস্থায় অর্থ ও জনশক্তি অপব্যয়ের সুযোগ থাকবে না। ভবিষ্যতের জনশক্তি গঠনের লক্ষ্য হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যাসমূহে অধিকতর গুরুত্ব দেওয়া। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষিত মানুষ তৈরি হবে, এটাই স্বপ্ন। স্বপ্নের স্বদেশচিন্তায় শিক্ষা অবশ্যই হতে হবে বৈষম্যহীন ও মানবিক গুণসম্পন্ন। শিক্ষাব্যবস্থায় প্রবেশগম্যতা বা ‘অ্যাকসেস’ বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বা ‘কোয়ালিটি’ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে—আমরা এমন স্বপ্নই দেখি। গুণগত মান প্রতিষ্ঠা ও মান বৃদ্ধি শিক্ষার সর্বস্তরেই কাম্য। শিক্ষার মান নানা নির্ণায়কের ওপর নির্ভরশীল এবং অনেক ক্ষেত্রে একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত। একেবারে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হলো শিক্ষক ও শিক্ষকের মান। আমাদের স্বপ্ন, দেশের সব পর্যায়ে সর্বত্রই পর্যাপ্তসংখ্যক উচ্চমানের শিক্ষক শিক্ষাসেবায় নিয়োজিত হবেন। পর্যাপ্তসংখ্যক উচ্চমানের শিক্ষক পেতে হলে অবশ্য দীর্ঘ সময়সাপেক্ষ নানা কার্যক্রম বাস্তবায়ন করতে হয়। বিশেষ করে শিক্ষকদের জন্য উপযুক্ত সামাজিক মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ‘আমরা স্বপ্ন দেখি, শিক্ষা খাতে আর্থিক বিনিয়োগ বর্তমানের জিডিপির মাত্র ২ দশমিক ৩ শতাংশ থেকে অচিরেই ১০ শতাংশে উন্নীত হবে, আর বাজেটে ১৩ শতাংশ বরাদ্দ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে।শিক্ষা সম্প্রসারণে আমাদের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উন্মুক্ত শিক্ষা বা দূরশিক্ষণ পদ্ধতি। উন্মুক্ত শিক্ষাপদ্ধতি বাস্তবায়নে ভৌত অবকাঠামো কম লাগলেও বেশ কিছুটা অবশ্যই প্রয়োজন হয়। জমিজমার প্রয়োজন সীমিত রাখা সম্ভব, তবে আধুনিক প্রযুক্তি, সরঞ্জামাদি ও পুস্তক (বা সিডি, যা-ই হোক) প্রয়োজন হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল ক্যাম্পাস থাকাটা জরুরি, যেখানে খেলার মাঠ অন্তত থাকবে। রবীন্দ্রনাথের কল্পিত ও বাস্তবায়িত ‘তপোবন’ শান্তিনিকেতন মডেল না থাকলেও। ভবিষ্যতে একেবারে উচ্চতম পর্যায়ে, অনেক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু ‘ভার্চুয়াল’ বিশ্ববিদ্যালয় থাকতেই পারে। কিন্তু বিজ্ঞান বিষয়ে যথার্থ শিক্ষাদান ও গবেষণা উপযুক্ত মানের গবেষণাগার বা ল্যাবরেটরি ছাড়া সম্ভব নয়। আমার স্বপ্ন, সকল ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভাষা মাধ্যম হবে বাংলা। অবশ্য ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। পাশাপাশি আরবি, চীনা বা আরও কিছু বিদেশি ভাষাও সমাদৃত হবে।আমরা স্বপ্ন দেখি, এ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসেবা সব মেধাবী শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের মধ্যে থাকবে। সরকারি-বেসরকারি উভয় প্রকার বিশ্ববিদ্যালয়ই এ দেশে পরিচালিত হবে। সব সরকারি বিশ্ববিদ্যালয় একই নিয়মনীতি ও আইনের মধ্যে পরিচালিত হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অবশ্যই শুধু বাণিজ্যিক লক্ষ্য নিয়ে পরিচালিত হবে না এবং দেশের জাতীয় আদর্শ ও মূল্যবোধ-পরিপন্থী শিক্ষাকেন্দ্র হবে না। তারা সংসদ কর্তৃক প্রণীত আইন যথাযথভাবে মেনে চলবে। গুণগত মানের দিক থেকেও তারা শ্রেষ্ঠ সরকারি বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ হবে। পরিকল্পিতভাবে ক্যাম্পাস গড়া, গবেষণা খাতে সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন ফান্ড প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে সরকারও তাদের সহায়তা দেবে। সব বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠাই কাম্য।আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ন্যূনতম আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। আগামী ২০ বছরেই অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের অর্থাৎ ‘ওয়ার্ল্ড ক্লাস’ হবে। তাদের নাম প্রতিবছর আন্তর্জাতিক র্যাংকিংয়ে উল্লিখিত হবে। এসব বিশ্ববিদ্যালয়ে যেমন মানসম্পন্ন শিক্ষা দেওয়া হবে, তেমনি নতুন জ্ঞান সৃষ্টি হবে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণায় খ্যাতি পাবেন, নোবেল পুরস্কারও পেতে পারেন। তাঁদের বই বিদেশের সেরা প্রকাশকেরা আগ্রহের সঙ্গে প্রকাশ করবেন। তাঁদের রচিত গ্রন্থ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে টেক্সট হবে। এ দেশের একজন সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি শান্তিতে নোবেল পেতে পারেন, আরেকজন কেন অর্থনীতিতে, পদার্থবিজ্ঞান বা রসায়নে বা সাহিত্যে পাবেন না; চিত্রকলায়, সংগীতে বা চলচ্চিত্রে বিশ্বের সেরা পুরস্কার অর্জন করবেন না। অবশ্যই করবেন, আমরা এমন স্বপ্নই দেখি।বিশ্ববিদ্যালয়ে মেধা ও শ্রেষ্ঠত্বের ভিত্তিতে শিক্ষক ও গবেষকদের মূল্যায়ন করা হবে। আমি স্বপ্ন দেখি, বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক বা আন্তর্জাতিক পরিবেশ বিরাজ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, শীর্ষস্থানীয়গুলোতে তো অবশ্যই, উল্লেখযোগ্যসংখ্যক খ্যাতিমান বিদেশি অধ্যাপক ও গবেষক শিক্ষাদান ও গবেষণা করবেন। প্রায় শতবর্ষ আগে রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতনে এমনটাই করেছিলেন। আমাদের স্বপ্নের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশের শিক্ষার্থীরাও বিদ্যার্জনের জন্য দলে দলে আসতে থাকবে। প্রতিটিতেই অন্তত একটি করে আন্তর্জাতিক ছাত্রাবাস থাকবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের উপস্থিতি প্রায় সমানুপাতিক হবে। প্রশাসনের উচ্চতম পর্যায়ে, অর্থাৎ উপাচার্য ও উপ-উপাচার্য পর্যায়ে মহিলা শিক্ষকদের সুযোগ উল্লেখযোগ্য মাত্রার হবে। উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যথাযথ ভূমিকা পালন করবে—এমন স্বপ্নই আমরা দেখি।এ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন অনেক আগে থেকেই। আমার স্বপ্ন, তাঁরা গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সুপ্রতিষ্ঠায় আবার অগ্রণী ভূমিকা পালন করবেন। নিজেরাও নিজ নিজ ক্যাম্পাসে সর্বতোভাবে গণতান্ত্রিক সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। হানাহানি ভাঙচুরের রাজনীতি সম্পূর্ণভাবে পরিত্যাজ্য হবে। শিক্ষক বা ছাত্র কেউই কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবেন না। তাঁরা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ় সমর্থক হবেন এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হবেন।আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হবে দেশের সত্যিকার ‘থিংক ট্যাংক’ বা ‘চিন্তার আসর’। রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক চিন্তা, অর্থনৈতিক বা উন্নয়ন চিন্তা, পরিবেশ চিন্তা, সাংস্কৃতিক উন্নয়ন চিন্তা—এই সবকিছু নিয়ে মৌলিক চিন্তা আসবে বিশ্ববিদ্যালয়গুলো থেকে। রাজনীতিবিদ, বাণিজ্যিক উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা, সমাজসংস্কারক প্রমুখ সবার সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সবাই দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন, তাঁদের কাছাকাছি থেকে জ্ঞানের সম্প্রসারণে উদ্যোগী হবেন। দেশপ্রেম, মানবপ্রেম, পরিবেশপ্রেমই হবে আমাদের স্বপ্নের স্বদেশের শিক্ষার আদর্শ। স্বপ্নের শিক্ষাই আমাদের ‘সোনার বাংলা’ এনে দেবে। নজরুল ইসলাম: অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (২০০৭-২০১১)।[email protected]