বিশ্ববিদ্যালয়গুলোতে কু-রাজনীতি চলছে
বিশ্ববিদ্যালয়গুলোতে কু-রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমস্যার সমাধানে শিক্ষকদের আলোচনা করে প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি।আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ‘বাংলাদেশে শিক্ষক রাজনীতি: উচ্চশিক্ষায় অর্জন, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে ছাত্র-শিক্ষকেরা আন্দোলন করতেন দেশের জন্য কিংবা কোনো অধিকার আদায়ের জন্য। তখন এটাকে ছাত্র-শিক্ষক আন্দোলন বলা হতো। কিন্তু এখন বলা হয় ছাত্র বা শিক্ষকরাজনীতি। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি এসে পড়েছে। কিছু শিক্ষক যে এর সঙ্গে জড়িত, সেটিও অস্বীকার করার উপায় নেই।’শিক্ষামন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, ‘বাঙালি জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতীয় কোনো স্বার্থে এক হতে পারি না। ৬২ বছর আগে যে জাতি ভাষার জন্য অকাতরে প্রাণ দিয়েছে, সে জাতির অর্ধেক মানুষ এখনো মাতৃভাষার অক্ষরের সঙ্গে পরিচিত নয়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে!’শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের জনগণের প্রতি দায়বদ্ধতার কথা সব সময় মনে রাখতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো চলছে জনগণের কষ্টের টাকায়। একজন ভিক্ষুকের কাছেও আপনারা দায়বদ্ধ—এ কথা মনে রাখলে জাতিকে অনেক কিছু দিতে পারবেন।’ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিটকে পড়েছে—মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা সরকারের কাছে বিভিন্ন দাবি জানান, কিন্তু নিজেরা কিছু করেন না। কীভাবে উচ্চশিক্ষার মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনারা একটি প্রস্তাব নিয়ে আসুন, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘১৯৭৩ সালের অধ্যাদেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতার ব্যবস্থা রাখেনি। ফলে তথাকথিত স্বায়ত্তশাসনের বর্মের আড়ালে অনেক প্রশ্নবিদ্ধ কাজ হয়। শিক্ষক নিয়োগে মেধার বদলে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়।’ শিক্ষকরাজনীতি নিয়ে তাঁর মন্তব্য, ‘শিক্ষক রাজনীতিতে শিক্ষক বা রাজনীতি কোনোটিই নেই, যা আছে ফন্দি-ফিকির।’সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব রনি। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রস্তাব’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন অতিথিরা।