বিশ্ববিদ্যালয়ছাত্রকে হত্যা করে ১৮ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দরবেশের ছোঁয়ায় ১৮ লাখ টাকা দ্বিগুণ করে দেব।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলামকে এমন লোভ দেখিয়েছিলেন তাঁর বাল্যবন্ধু জাহাঙ্গীর হোসেন খান। এরপর আরিফুলকে নরসিংদীতে নিয়ে হত্যার পর মাটি চাপা দিয়ে ১৮ লাখ টাকা লুট করেন জাহাঙ্গীর ও তাঁর দুই সহযোগী।আরিফুল ওরফে পাভেল হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর, তাঁর দুই সহযোগী ফরহাদ ও ফয়সাল জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্র। অপর দুজন বখাটে স্বভাবের। আর আরিফুল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ (ব্যবসায় প্রশাসন) তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।ডিবি সূত্র জানায়, গত বুধবার দুপুরে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে (২৩) গ্রেপ্তার করে। পরে আজিমপুর কলোনি থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ওই সূত্রমতে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা আরিফুলকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ কান্দাপাড়া কবরস্থানে মাটি খুঁড়ে আরিফুলের গলিত লাশ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ এ ঘটনায় ওই এলাকার খানবাড়ি থেকে আরেক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আরিফুল বাসা থেকে বের হওয়ার সময় ফেসবুকে লিখেছিলেন, জাহাঙ্গীর ও ফয়সালের সঙ্গে তিনি ভৈরবে যাচ্ছেন। এ সূত্র ধরেই ডিবি হত্যার রহস্য উদ্ঘাটন করে।মনিরুল ইসলাম বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের কনকর্ড টাওয়ারের বাসার সামনে থেকে আরিফুল ইসলাম নিখোঁজ হন। গত ২ জানুয়ারি তাঁর মা ছোলেমা আক্তার জাহাঙ্গীর ও ফয়সালকে আসামি করে নিউমার্কেট থানায় অপহরণের মামলা করেন। পরে মামলাটি ডিবি পুলিশ তদন্ত শুরু করে।আরিফুলের বাবা আশরাফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ছিলেন। গত বছরের নভেম্বরে তিনি মারা যান। বাবার গচ্ছিত ১৮ লাখ টাকা বাড়াতে ব্যবসা করার কথা ভাবছিলেন আরিফুল। আর এটা জানতে পেরে জাহাঙ্গীর দরবেশকে দিয়ে এই টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখান। আরিফুল ব্যবসার কথা বলে মাকে রাজি করিয়ে ব্যাংক থেকে ১২ লাখ তোলেন এবং ছয় লাখ টাকা নিয়ে স্কুলব্যাগে ভরে বাসা থেকে বের হন। ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তিন আসামি বলেন, জাহাঙ্গীরের পরিকল্পনা ও নির্দেশনায় তাঁর সহযোগী ফয়সাল সুকৌশলে আরিফুলকে কমলাপুর রেলস্টেশনে নিয়ে যান। সেখান থেকে তাঁরা ট্রেনে করে নরসিংদী রেলস্টেশনে গিয়ে নামেন। এ সময় তাঁরা অটোরিকশায় ওই নরসিংদীর খানবাড়ি নামক স্থানে যান। সেখানে ফরহাদ তাঁদের সঙ্গে যোগ দেন। নরসিংদী আদিয়াবাদ কান্দাপাড়ায় আগেই গর্ত খুঁড়ে রাখেন ফরহাদ। আরিফুলকে নিয়ে ফয়সাল ও ফরহাদ রাত সাড়ে ১০টার দিকে ওই কবরস্থানে পৌঁছান। তাঁরা সুকৌশলে তাঁকে চেতনানাশক তরল কিছু খাওয়ান। এরপর তাঁরা রুমাল দিয়ে আরিফুলের নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন। এরপর জাহাঙ্গীরের নির্দেশে ফয়সাল ও ফরহাদ আরিফুলের জামা-জুতা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেন এবং লাশ মাটি চাপা দেন।ডিবি জানায়, হত্যার পর তাঁরা টাকার ব্যাগ নিয়ে খানবাড়ি সাধুর আস্তানায় রাত কাটান। ভোরে প্রথমে অটোরিকশা এবং পরে ভাড়াগাড়িতে করে ব্যাগভর্তি ১৮ লাখ টাকা নিয়ে ঢাকায় জাহাঙ্গীরের কাছে আসেন। এ সময় জাহাঙ্গীর ফরহাদকে দুই লাখ টাকা দেন এবং ট্যাক্সিক্যাব ভাড়া করে তাঁকে নরসিংদীতে পাঠিয়ে দেন। বাকি টাকা জাহাঙ্গীর ও ফয়সাল ভাগ করে নেন। কয়েক দিন পর জাহাঙ্গীর একটি মুঠোফোন থেকে আরিফুলের মাকে খুদে বার্তা পাঠান। এতে লেখা ছিল, ‘আমি আমার পছন্দের একটি মেয়েকে বিয়ে করেছি। কিছুদিন পর চলে আসব। তুমি চিন্তা করো না।’আরিফুলের মা ছোলেমা বেগম জাহাঙ্গীর ও তাঁর দুই সহযোগীর ফাঁসি দাবি করে অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডে জাহাঙ্গীরের বাবাও জড়িত। তিনি বলেন, তাঁর স্বামী ও জাহাঙ্গীরের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। সেই সুবাদে তাঁরা একসময় নীলক্ষেত অফিসার্স কোয়ার্টারে থাকতেন। তাঁদের বাড়ি নরসিংদীর একই এলাকায়। সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ও মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোখলেছুর রহমান।