বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার প্রভাব মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে যে উত্তেজনা ছিল, বেলা শেষে তা স্তিমিত হয়ে এলেও গতকাল বুধবার গ্রন্থমেলায় তার প্রভাব পড়েছিল যথেষ্ট। আগের দুই দিন যেখানে ফটক খোলার পর থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম পরিবেশ, সে তুলনায় তৃতীয় দিনে মেলার মাঠ নিরিবিলি। অথচ গতকাল নতুন বই এসেছে অনেক, সাজানো-গোছানোর কাজও শেষ। এলোমেলো অবস্থা কাটিয়ে, আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে উঠেছে মেলার মাঠ। দর্শনার্থী শুধু কম। তবে যাঁরা মেলায় এসেছিলেন, তাঁরা এই নিরিবিলি পরিবেশের সুযোগে বেশ সময় নিয়ে স্বস্তির সঙ্গে স্টলে স্টলে ঘুরে বই যাচাই-বাছাই করতে পেরেছেন। কেনাকাটাও করেছেন। তবে নতুন বই এখন সবে আসতে শুরু করেছে। দিব্য প্রকাশের প্রকাশক ও কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের বললেন, প্রকৃত ক্রেতারা মেলায় আসবেন আরও কয়েক দিন পর। আক্ষেপ: গতকাল মেলা প্রাঙ্গণে কথা হলো বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে। বললেন, মেলার শৃঙ্খলা বজায় আছে, এটা ভালো। এই মেলাকে বলা হয় বাঙালির প্রাণের মেলা। এই প্রাণ জীবন অর্থে প্রাণ নয়, বাঙালির সৃজনশীলতা ও মননশীলতার প্রাণ। কিন্তু আক্ষেপ, মননশীল বইয়ের সংখ্যা খুবই কম। চটুল বই বেশি। তিনি বললেন, ‘গবেষণাগ্রন্থের গুণগত মানের দিকে গুরুত্ব দিতে হবে। তথ্যবিভ্রাট ও বিশ্লেষণে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকা প্রয়োজন। না হলে আমাদের গবেষণাগ্রন্থগুলো গ্রহণযোগ্যতা হারাবে।’মোড়ক উন্মোচন: বটতলার নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন শুরু হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় জ্ঞান বিতরণী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস জেরিন আপার মোড়ক উন্মোচন করেন লেখক জাফর আহমেদ চৌধুরী নিজেই। নতুন বই: তথ্যকেন্দ্রে ১০৩টি নতুন বই জমা পড়েছে তৃতীয় দিনে। এসব বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল অনন্যা থেকে শাহরিয়ার কবিরের গবেষণাগ্রন্থ যুদ্ধাপরাধীদের বিচার: পক্ষ ও বিপক্ষ। আগামী থেকে এসেছে মিজানুর রহমান খানের প্রবন্ধ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: এক অশনি সংকেত। অংকুর থেকে আবদুর রশীদ অনূদিত নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইস্টিগলিজের বিশ্বায়ন ও এর অসন্তুষ্টি। ইত্যাদি থেকে সেলিনা হোসেনের উপন্যাস ভূমি ও কুসুম। মাওলা ব্রাদার্স থেকে মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৯, বিভাস থেকে আহমদ রফিকের প্রবন্ধ বিষ্ণু দে: কবি ও কবিতা। বিজয় প্রকাশ থেকে হালিমা খাতুনের শিশুতোষ ছাগল ছানার গল্প এবং ভুতুর সকাল। পার্ল থেকে এসেছে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস সবুজ ভেলভেট। হাওলাদার প্রকাশনী থেকে আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা। কবীর চৌধুরীর প্রবন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব: বাঙ্গালী জাতীয়তাবাদ এসেছে মিজান পাবলিশার্স থেকে। নবযুগ থেকে ক্ষিতি মোহন সেন শাস্ত্রীর গবেষণাগ্রন্থ বাংলার বাউল। আনিসুল হকের মুক্তিযুদ্ধের উপন্যাস জননী সাহসিনী ১৯৭১ এসেছে সময় থেকে এবং তাঁর রম্য কলাম প্রকাশিত হয়েছে পার্ল থেকে। আইনবিষয়ক গ্রন্থ তানজিম আল ইসলামের আইনের কথা প্রকাশ করেছে পলল। সারওয়ার-উল-ইসলামের ছড়ার বই স্বাস্থ্য ছড়া এসেছে বিদ্যা প্রকাশ থেকে। অন্যান্য বইয়ের মধ্যে ছিল অনন্যা থেকে দন্ত্যস রওশনের কিশোর গল্পগ্রন্থ ক্ষুদে গোয়েন্দা। লেখালেখি থেকে হাসান হাফিজের কাব্য এক সমুদ্র দুঃখ পিয়াস, অবসর থেকে বরেন চক্রবর্তীর কাব্য দাই নেম ইজ ফ্রিডম, ইতি প্রকাশ থেকে লুত্ফর রহমান রিটনের ওরে আমার ছড়া রে ইত্যাদি।অনুষ্ঠান: ভাষা আন্দোলনের তাত্ত্বিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট: ১৯৪৭-১৯৫২’ ছিল গতকাল মেলার মূলমঞ্চের আলোচনার বিষয়। প্রবন্ধ পড়েন অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনা করেন অধ্যাপক এ টি এম নূরুর রহমান খান ও অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম। সন্ধ্যায় দেশাত্মবোধক গান শোনান আবদুল জব্বার, কল্যাণী ঘোষ, মাহমুদুজ্জামান বাবুসহ অনেকে।