জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারকে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই শিক্ষক যাতে আত্মসমর্পণ করতে পারেন, সে জন্য ব্যবস্থা নিতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্ব ছাড়া আদালতের আদেশের বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে জানাতে যথাযথ ব্যবস্থা নিতেও বলা হয়।ওই শিক্ষককে গ্রেপ্তারের বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককেও নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধি ও নির্দেশনার আলোকে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রুহুল আমিন ফেইসবুকে প্রধানমন্ত্রীর ‘মৃত্যু কামনা’ করেন। এ বিষয়ে ব্যাখ্যা জানতে আদালত রুল জারি করেন ও তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেন। তিনি নোটিশ গ্রহণ করলেও হাজির হননি, জবাবও দেননি। এই নির্দেশনা অমান্য করায় আদালত অবমাননার রুল জারি করেন আদালত। এরও কোনো জবাব দেননি তিনি। এটা আদালতের প্রতি চরম অবমাননা উল্লেখ করে হাইকোর্ট ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।গত বছর ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যু কামনা’ করে ফেইসবুকে স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাস নিয়ে ১৮ আগস্ট ‘জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালতের নজরে আনা হলে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। গত ২৫ আগস্ট আরেক আদেশে আদালত ওই শিক্ষককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত নোটিশ জারি করতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ধার্য তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় গত ১২ ডিসেম্বর আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। রুলের জবাব দিতে সময় বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে মঙ্গলবার শুনানির পর আদালত বুধবার রায়ের দিন ধার্য করেন। গতকাল দুপুরে আদালত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশনস অ্যান্ড টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল আমিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। ২০০৯ সাল থেকে বিনা বেতনে ছুটি নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় আছেন।