বিশ্ববিদ্যালয়ের গাড়ির চাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ির চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।নিহত ছাত্রের নাম রাজিবুল ইসলাম (১৪)। সে ছিল মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবা সদর উপজেলার পূর্ব আব্দালপুর গ্রামের আবদুল ওয়াহেদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে রাজিব স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়গামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এ সময় স্কুলের কয়েক শ শিক্ষার্থী সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অবরোধ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। অবরোধের সময় তারা মধুপুর স্কুলে ভাঙচুর চালানোর চেষ্টা করলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও আশপাশের ক্যাম্পের পুলিশ সদস্যরা যান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে না গেলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে জানালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের আনসার সদস্য আজাদুর রহমান মাথায় আঘাত পান। পাল্টাপাল্টি ধাওয়ায় প্রায় দুই ঘণ্টা ঝিনাইদহ ও কুষ্টিয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দীন মোল্লা প্রথম আলো অনলাইনকে বলেন, ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। বিশ্ববিদ্যালয়ের গাড়ি ও চালক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ন্ত্রণেই রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের নির্দেশ মতো পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।