বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলিতে আমাদের সন্তান মারা যাচ্ছে
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম বয়ড়া আজ ছিল শোকে স্তব্ধ। গ্রামবাসী ছিল বিক্ষুব্ধ। এই গ্রামেরই দুরন্ত এক শিশু ছিল রাব্বী। সারা গ্রাম মাতিয়ে রাখত সে। গতকাল ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে সে। আজ রোববার সকাল থেকেই এলাকাবাসী রাব্বির বাড়ির সামনে রেললাইনে জড়ো হয়। এ সময় তারা রাব্বির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। বিক্ষুব্ধ এলাকাবাসী মো. আমিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়া জেলা পরিষদের রাস্তাটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। তবু গ্রামবাসী কিছু বলেনি। আর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলিতে এখন আমাদের সন্তান মারা যাচ্ছে। আমরা চাই এই হত্যাকাণ্ডের বিচার।’বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ‘এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এলাকাবাসী নিজেদের জায়গা জমি ছেড়ে দিয়েছে। আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলিতে গ্রামের ১০ বছরের শিশুকে প্রাণ দিতে হলো।’ দুপুর ১২টার দিকে রাব্বির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পাড়াপড়শি ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ছেলের লাশের পাশে ডুকরে কেঁদে ওঠেন বাবা। গ্রামের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘ছাত্রলীগের নগ্ন রাজনীতির বলি আর কতজন হবে? আমরা এই হত্যার বিচার চাই।’ মো. দুলাল নামের এক এলাকাবাসী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাঁচ মিনিটের মধ্যে এত অস্ত্র কোথায় পায়?’শোকাহত পরিবারএকদিকে যখন এমন ক্ষোভ, তখন শোকে স্তব্ধ ছিল রাব্বির মা, বাবা ও পরিবারের সদস্যরা। সকাল থেকে পাড়াপড়শি ও স্বজনদের ছিল উপচে পড়া ভিড়। ভিড়ের মধ্যে অনেক কষ্টে প্রথমে খুঁজে পাওয়া যায় রাব্বির বাবা দুলাল মিয়াকে। বাড়ির আঙ্গিনায় একটি গাছের সঙ্গে হেলান দিয়ে বসা। মুখে কোনো কথা নেই। পাশে বসে গায়ে হাত রাখলে খুব অস্ফুষ্ট স্বরে শুধু একবার বলেন, ‘আমার পুত (ছেলে)?’ আর কোনো কথা বলতে পারেননি। মা মিনারা বেগমকে ঘিরে আছে অসংখ্য পাড়াপড়শি নারী। তিনিও শুধু একটি কথাই বললেন, ‘আমার পুতেরে মাদ্রাসায় দিছিলাম। আর কয়েক দিন পরই কোরআন শরিফ নিত।’এ সময় কেঁদে ওঠেন দাদি মানিকজান। গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাদি গরু চড়াতে গিয়েছিলেন। গোলাগুলি শুরু হলে রাব্বি তার দাদিকে ঘরে আনতে গিয়েছিল বলে জানান তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলে ওঠেন, ‘আমারে ডাকতে গিয়া আমার বাই মরছে। আমার বাইরে যারা মারছে, তুমরা হেরার (তাদের) বিচার কর।’ টানাটানির সংসার ছিল রাব্বিদের। তার বাবা দুলাল মিয়া ময়মনসিংহ শহরে টেম্পো চালান। বসতভিটা ছাড়া আর তেমন কোনো কিছু নেই। দুলাল মিয়ার তিন ছেলের মধ্যে রাব্বি ছিল দ্বিতীয়। বড় ছেলে মো. রাসেল মানসিক প্রতিবন্ধী।গুলিতে আকালে প্রাণ হারানো রাব্বীর হত্যাকারীদের বিচার দাবি করেছে তার পরিবার ও স্বজনেরা। দাদি মানিকজান বলেন, ‘নিহতের পরিবার টাকা পয়সা চায় না। হয় আমার নাতিকে এনে দিতে হবে অথবা খুনিদের বিচার করতে হবে। সরকারের প্রতি দাবি আমার।’ঘটনা তদন্তে দুটি কমিটি এদিকে গতকাল শনিবারের ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, প্রথম তদন্ত কমিটি তিন কার্যদিবস ও দ্বিতীয় তদন্ত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।ছাত্রলীগের বিরুদ্ধে মামলা নিহত রাব্বির বাবা দুলাল মিয়া বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিলুপ্ত ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, ইমরান সরকার, জয় বণিক, আসাদুজ্জামান, আনোয়ার পারভেজ, তারেক আজিজ, মো.রুবেল মিয়া, নূর আলম, শাহীন মাহমুদ, আনোয়ার হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও মামলায় অজ্ঞাত ১৫০ জনের কথা উল্লেখ করা হয়েছে। কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাব্বির জানাজা বিকেল পৌনে পাঁচটার দিকে রাব্বির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল মাঠে অনুষ্ঠিত জানাজায় স্থানীয় সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য নিহত রাব্বির পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়াও রাব্বির পরিবারকে সার্বিকভাবে সহায়তা করার কথা বলেন।