বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মিরপুরে আজ বুধবার রাতে নিজ বাসায় রুবেল শেখ (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের (বিবিএ) প্রথম বর্ষের ছাত্র। পরিবার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রুবেল শেখ মা বাবার সঙ্গে মিরপুর এক নম্বর সেকশনের ই ব্লকের ৯ নম্বর সড়কের ৫ নম্বর বাসায় থাকতেন। আজ রাত পৌনে ১০টার দিকে ওই বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় অর্ধাচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে রুবেলের মামা আবদুল মান্নান সাংবাদিকদের কাছে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে রুবেল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য রুবেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে সে বিষণ্নতায় ভুগছিল। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ঘটনার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।