বিশ্ববিদ্যালয়ের বাস উল্টোপথে, বাধা দেওয়ায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসকে উল্টোপথ দিয়ে (ডান দিক) চলতে বাধা দেওয়ায় ওই বাসের আরোহী ছাত্ররা এক ব্যক্তি ও তাঁর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।ঘটনার শিকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোজাফফর হোসেন ও তাঁর বাবা ব্যবসায়ী আবদুল হক। দুজনেরই মাথা ফেটে গেছে এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাঁদের মাথায় সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনেই শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।মোজাফফর হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে তিনি নিজে গাড়ি চালিয়ে মিরপুর সড়কের কলাবাগানের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। পাশে বসেছিলেন তাঁর বাবা। পথে ধানমন্ডি থানাসংলগ্ন ৬ নম্বর সড়কের সিগন্যালে ডানে মোড় নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ডান দিক দিয়ে একই দিক থেকে আসা চৈতালি নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাঁয়ে মোড় নিয়ে নিজেদের লাইনে যাওয়ার চেষ্টা করছিল। সিগন্যালে তাঁর গাড়ি আটকে থাকায় বাস দুটি মূল রাস্তায় যেতে পারছিল না। তখন বাস থেকে কয়েকজন ছাত্র নেমে এসে তাঁকে গাড়ি সরাতে বলেন। সিগন্যালে সবুজ বাতি না জ্বলা পর্যন্ত এবং পেছনে গাড়ি থাকায় তিনি গাড়ি সরাতে পারছিলেন না। কয়েকজন ছাত্র এসে তাঁকে গালিগালাজ শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে এক ছাত্র তাঁকে ঘুষি মারেন। এরপর অন্য ছাত্ররাও তাঁকে মারতে শুরু করেন। তিনি পুলিশের সাহায্য চাইলেও পুলিশ কিছু করেনি। এরপর তিনি বাবার কথা চিন্তা করে আবার নিজের গাড়ির কাছে এলে ছাত্ররা আবারও তাঁকে মারতে শুরু করেন। তখন তাঁর বাবা এগিয়ে এলে ছাত্ররা তাঁকেও মারধর করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, চৈতালি বাস কমিটির সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। হামলাকারী ছাত্রদের শনাক্ত করার চেষ্টা চলছে।