বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড
আদালত অবমাননার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে আদালত শিক্ষক মো. রুহুল আমিনকে গ্রেপ্তার ও জেলে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই শিক্ষকের শাস্তির বিষয়টি সে দেশের সরকারকে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ও আদালতের রায়ের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনিরসহ পাঁচজনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন মো. রুহুল আমিন। ওই স্ট্যাটাস নিয়ে ১৮ আগস্ট ‘জাবির জামাতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এরপর ২৫ আগস্ট অপর এক আদেশে আদালত ওই শিক্ষককে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই তারিখ তিনি আদালতে হাজির না হওয়ায় ১২ ডিসেম্বর আদালত শিক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এর পরও তিনি আদালতে হাজির হননি।গতকাল মঙ্গলবার আদালত শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশনস অ্যান্ড টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল আমিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। ২০০৯ সাল থেকে বিনা বেতনে তিনি অস্ট্রেলিয়ায় ছুটিতে রয়েছেন।