বিশ্বব্যাংক এক পয়সার দুর্নীতি খুঁজে পায়নি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সার দুর্নীতি খুঁজে পায়নি। তবে দুর্নীতির গন্ধ পেয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সা অর্থ দেয়নি। ঋণ বাতিল করেছে। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর অর্থায়নের জন্য সরকার দাতাদের পেছনে ঘুরবে না। তিনি বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াব। নিজেদের তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে পদ্মা সেতু করব। প্রধানমন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু করার চিন্তা করছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা প্রমুখ উপস্থিত রয়েছেন।উদ্বোধনী অধিবেশনের পর দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসন বিষয়ে মুক্ত আলোচনা হয়। বেলা দুইটা থেকে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা হয়। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ে আলোচনা হওয়ার কথা।এবারের সম্মেলনে সম্মেলনে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৪৬৬টি প্রস্তাবনা ডিসিদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। ১২ জুলাই তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে।