বিশ্বব্যাংক ও আইএমএফের সংস্কার চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক, আইএমএফসহ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘেরও সংস্কার চেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার নিউইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ৬৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসস, ইউএনবি ও তথ্য বিবরণীর।প্রধানমন্ত্রী বাংলায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকটি শক্তিশালী দেশের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের স্বার্থ রক্ষার লক্ষ্যে জাতিসংঘ, ব্রেটন উডস ইনস্টিটিউশনস ও অন্যান্য বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্বারোপ করছি।’ তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ৬০ বছর আগের ক্ষমতার সমীকরণের প্রতিফলন রয়েছে। এতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠের স্বার্থ উপেক্ষা করে বিশেষ সুবিধাপ্রাপ্ত কতিপয়ের স্বার্থ রক্ষা হয়।কিছু সুবিধাভোগীর স্বার্থ সংরক্ষক ও ব্যাপক সংখ্যাগরিষ্ঠের প্রতি উদাসীন জাতিসংঘ ও বহুজাতিক সংস্থাগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সার্বভৌম সমতার ভিত্তিতে নতুন সহস্রাব্দে পরিবর্তিত বিশ্বব্যবস্থা গড়ার সুযোগ এনে দিয়েছে। নতুন বিশ্বব্যবস্থা অবশ্যই ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে হতে হবে, যার মাধ্যমে গড়ে উঠবে শান্তিময় বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটিই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার।’শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে দৃঢ়ভাবে কথা বলছি।’ তিনি বলেন, ‘এসবই হচ্ছে আমাদের সময়ের অগ্রাধিকার। অতীতের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলে সবাইকে এখন সে লক্ষ্যে কাজ করা প্রয়োজন।’গণজাগরণ, আন্তদেশীয় বিরোধ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বৈশ্বিক আর্থিক সংকট, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে এসব বিরোধ ও সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।’শেখ হাসিনা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বিশেষ অবদান এবং জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অবদানের মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।প্রধানমন্ত্রী ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনসহ অন্যান্য সমস্যারও জরুরি সমাধানের আহ্বান জানান।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, আজ থেকে ৩৮ বছর আগে এ মঞ্চে দাঁড়িয়েই তিনি ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’, এ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর এই নীতি দেশে-বিদেশে মূলত ন্যায়বিচার ও শান্তির ওপর প্রতিষ্ঠিত ছিল, যা তাঁকে (প্রধানমন্ত্রী) ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনে অনুপ্রাণিত করেছে এবং ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বিদ্রোহ সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রেরণা জুগিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালী করছি এবং দারিদ্র্য, ক্ষুধা, অসমতা দূর করা এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, লাগসই প্রবৃদ্ধি, মানবাধিকার উন্নয়ন এবং সন্ত্রাস দমনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছি।’বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তখন জোট সরকারের প্রত্যক্ষ মদদে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর, লস্কর-ই-তাইয়েবাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী প্রায় প্রতিদিনই বোমা ও গ্রেনেড হামলা চালাত। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল, দেশ থেকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দল ও তাদের নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করা। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাফল্য এমডিজি-৩, এমডিজি-৪ ও এমডিজি-৫ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।’শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনে ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণে সমর্থন প্রদানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরেরও আহ্বান জানান।বিক্ষোভ সমাবেশ: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন ৪৭ স্ট্রিটের মোড়ে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিকেল পাঁচটা থেকে বিক্ষোভ সমাবেশে জড়ো হতে থাকেন। ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’, ‘শেখ হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—এসব স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে বিশ্বে শান্তির ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, বেলাল মাহমুদ, সরাফত হোসেন প্রমুখ।