বিশ্বব্যাংক চায় দুদকের তদন্ত দ্রুত এগিয়ে যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের তদন্তকাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাক, এমনটাই চায় বিশ্বব্যাংক। ঢাকা সফর করে যাওয়া তদন্ত পর্যবেক্ষণকারী বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলও দুদককে তদন্ত এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে গেছে। তারাও দুদকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন গতকাল রোববার এসব কথা বলেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশের সার্বিক অর্থনীতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চান। অ্যালেন গোল্ডস্টেইন বলেন, ‘পদ্মা সেতুর বাস্তবায়ন-কৌশল নিয়ে আলোচনার জন্য বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে। দলটির আসার পরই ঠিক হবে, সেতুর দুর্নীতি ষড়যন্ত্রের তদন্ত ও বাস্তবায়নের কাজ একসঙ্গে চলতে পারে কি না।’ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসতে পারে বলে জানান অ্যালেন। এর আগে চলতি মাসে বিশ্বব্যাংকের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করে গেছে। তদন্তের প্রয়োজনে এই দলটিরও আবার ঢাকায় আসার কথা রয়েছে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত জুনে প্রধান ঋণ-সহায়তাকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিতের ঘোষণা দেয়। ২৯০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা দেওয়ার জন্য চুক্তি করেছিল।