বিশ্বব্যাংক দ্রুত পদ্মা সেতু তহবিল ছাড় করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড়ের আশ্বাস দিয়েছে।সেন্ট পিটার্সবার্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষাপটে জোয়েলিক এ আশ্বাস দেন। আন্তর্জাতিক বাঘ সংরক্ষণ সম্মেলন উপলক্ষে তাঁরা উভয়েই সেখানে অবস্থান করছেন। গত শনিবার এ সম্মেলন শুরু হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সাক্ষাত্কালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শিগগির শুরু করার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, অচিরেই বিশ্বব্যাংকের প্রতিশ্রুত তহবিল ছাড় করা না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটবে।প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন।জোয়েলিক বৈঠককালে শেখ হাসিনাকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প প্রশংসনীয়, ভবিষ্যতে তা ডিজিটাল দেশ গড়তে সহায়ক হবে।’বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কর্মসূচি বাস্তবায়নে ক্যাপিটাল ড্রেজিং ও দুর্যোগ-ব্যবস্থাপনাসহ সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। —বাসস