বিশ্বব্যাংক নতুন কোনো শর্ত দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও দুর্নীতির অভিযোগ তদন্তে সহ-অর্থায়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান উন্নয়ন সংস্থা জাইকার প্রতিনিধিরা ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে ঢাকায় আসবেন। তাঁরা সরকারের সঙ্গে আলোচনা করে দুর্নীতির অভিযোগ তদন্ত ও প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণ করবেন। আজ রোববার বিকেলে শেরেবাংলা নগরের এনইসির সম্মেলনকক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইআরডির সচিব ইকবাল মাহমুদ। এ সময় ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার বিবৃতি দেওয়ার দুদিন পর সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের ছুটিতে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইআরডি সচিব বলেন, ‘যদি এই শর্ত পূরণ না হতো, তবে বিশ্বব্যাংকের ফিরে আসার প্রশ্নই উঠত না।’আরেক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ আরও বলেন, প্রকল্পে ফিরে আসতে বিশ্বব্যাংক নতুন কোন শর্ত দেয়নি, সবই পুরোনো শর্ত। নতুন করে ঋণচুক্তি করতে হবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি জানান, ‘এটি চলমান প্রকল্প। বিশ্বব্যাংক অর্থ দেবে এটা নিশ্চিত, এখন প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি ঠিক করা হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার দুই রকম মিশন আসছে। একটি মিশন কাজ করবে দ্রুত প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে, আর অপর মিশনটি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে তদন্তকাজে থাকবে। এই দুটি কাজই একসঙ্গে চলবে। এসব প্রক্রিয়ায় সরকারই চালকের ভূমিকায় থাকবে। এসব কাজ করতে কত সময় লাগবে তা এই মুহূর্তে বলা কঠিন।’ সরকার পদ্মা সেতু প্রকল্প গুরত্বের সঙ্গে দেখছে জানিয়ে ইআরডি সচিব বলেন, ‘কত দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, সেটাই এখন বড় বিষয়।’ ইতিমধ্যে প্রকল্পের ঋণচুক্তির কার্যকারিতার মেয়াদ আরেক দফা বাড়ানো-সংক্রান্ত জাইকার চিঠি পেয়েছে ইআরডি। তবে এডিবির কাছ থেকে এ ধরনের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ৩০ সেপ্টেম্বর এডিবির মেয়াদ শেষ হচ্ছে। ইআরডি সচিব তাঁর লিখিত বক্তব্যে বিশ্বব্যাংকের অর্থায়নের ক্ষেত্রে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য ও চীন সরকারের গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিশ্বব্যাংকের অর্থায়নের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। এতে বাংলাদেশের জনগণের জন্য প্রতিশ্রুতিশীল ও ইতিবাচক ফল বয়ে আনবে।’ লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘পদ্মাসেতু নির্মাণের ক্ষেত্রে একটি স্বচ্ছ, দক্ষ ও কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্যে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী গত ১২ মাসে গৃহীত সরকারের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের ফলেই বিশ্বব্যাংক সেতু নির্মাণে পুনঃঅংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘দুর্নীতি দমনের বিষয়ে সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। দায়িত্ব গ্রহণের পরপরই সরকার দুর্নীতি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়নের ক্ষেত্রে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে। সরকারের এই দৃঢ়তায় বিশ্বব্যাংক তার পূর্ববর্তী নীতি (সড়ক যোগাযোগ খাতে অর্থায়ন স্থগিত) পরিবর্তন করে দেশের সর্ববৃহত্ এই প্রকল্পে অর্থায়নে এগিয়ে এসেছে। সরকার তার ঘোষিত নীতিতে অটল রয়েছে। এর প্রেক্ষিতেই ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার পদ্মা সেতু প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করবে যেন তা একটি অনুকরণীয় প্রকল্প হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।’ ইতিমধ্যে প্রতিটি পর্যয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’ অনুমোদন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার অর্থায়নের পুনঃপ্রতিশ্রুতি ছাড়াও ২০ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের বোর্ডসভায় ৫২ কোটি ৭০ লাখ ডলার ঋণসহায়তা প্রদানের বিষয়টিও অনুমোদিত হয়েছে। প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর (ওয়াশিংটন সময়) বিশ্বব্যাংক এক বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয়।