বিশ্বব্যাংক নিয়ে সরকার বিকৃত ব্যাখ্যা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বিকৃত ব্যাখ্যা দিয়েছেন। এ জন্য বিশ্বব্যাংক বিবৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এতে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক সম্পর্কে সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, তা সঠিক নয়। বিশ্বব্যাংক বলেছে, তাদের শর্তগুলো মেনে নেওয়া হলে ঋণের বিষয়টি পুনর্বিবেচনা করবে। অর্থায়নের সিদ্ধান্ত তারা নেয়নি। এখনো সরকারের ওপর বিশ্বব্যাংক আস্থা রাখতে পারেনি উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংক অন্যতম যে তিনটি শর্ত দিয়েছে, তা হলো: দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে বিশ্বব্যাংক যাঁদের নাম দিয়েছে, তাঁদের চাকরিতে না রাখা, দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত দল ও বিশেষ প্রসিকিউশন দল গঠন করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল করে তদন্ত করা। বিশ্বব্যাংক নিশ্চিত হতে চাইবে, বাংলাদেশ সরকারের আর কেউ এর সঙ্গে জড়িত হচ্ছেন না।’ সরকারের অর্থমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ‘বিশ্বব্যাংক অর্থায়নে রাজি হয়েছে।’ এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সচেতনভাবে জনগণের সঙ্গে প্রতারণা করছে। এটি নিঃসন্দেহে একটি অসদাচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনার পর নৈতিক কারণে পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত।’হলমার্ক বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হলমার্কের এত বড় কেলেঙ্কারির পরও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা কথা বলে যাচ্ছেন। উচিত ছিল তাঁদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া।