বিশ্বব্যাংক প্রতিনিধিদল আজ আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অর্থায়নে সরকারের সঙ্গে বৈঠক করতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় আসছে না। কেন আসছে না বা পরে কবে আসবে বা আদৌ আসবে কি না, তা জানা সম্ভব হয়নি। এ নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হলো কি না, তা-ও পরিষ্কার নয়। কারণ, সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কেউই সরাসরি এ ব্যাপারে মুখ খুলছেন না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও গতকাল রোববার এড়িয়ে গেলেন সাংবাদিকদের। ফলে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের আসা পিছিয়েছে, না বাতিল—তা গতকাল রাত পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকেও চূড়ান্ত কিছু জানাতে পারেনি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) তিনটি ভিন্ন প্রতিনিধিদল ১ অক্টোবর বাংলাদেশে আসছে বলে গত বুধবার সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ। দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর পদ্মা সেতু প্রকল্পে ঋণ দিতে সরকারকে চারটি শর্ত দেয় বিশ্বব্যাংক। শর্তগুলো পূরণ করলেই সংস্থাটি ফিরবে বলে জানায়। সরকার শর্ত পূরণের অঙ্গীকার করলে বিশ্বব্যাংক শেষ পর্যন্ত সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় গত ২০ সেপ্টেম্বর। ওই দিন এ নিয়ে একটি বিবৃতিও দেয় সংস্থাটি। পরে গত ২৫ সেপ্টেম্বর আরেক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, সরকারের কিছু শীর্ষ ব্যক্তি বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। এ সময় শর্ত বাস্তবায়ন হলে অর্থায়ন করা হবে বলে সংস্থাটি জানায়।প্রধানমন্ত্রী নিউইয়র্কে অনুষ্ঠিত এক সভায় বলেন, দুর্নীতির প্রমাণ দিতে না পারায় ফিরে এসেছে বিশ্বব্যাংক। এ ছাড়া নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। অথচ বিশ্বব্যাংকের শর্ত মেনে তাঁর ছুটিতে থাকার কথা। এর পরই গত ২৫ সেপ্টেম্বর বিবৃতি দেয় বিশ্বব্যাংক। এর পরও প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বব্যাংক-আইএমএফের সংস্কার চেয়েছেন। এসব কারণে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আসা পিছিয়ে গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অর্থায়ন নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে বিশ্বব্যাংকের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পের সহ-অর্থায়নকারী এডিবি এবং জাইকার প্রতিনিধিদলেরও ঢাকায় আসার কথা। এর মধ্যে এডিবির দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল রোববারই ঢাকায় এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন এডিবির দক্ষিণ এশীয় ট্রান্সপোর্টবিষয়ক পরিচালক শ্রীউইডো ওয়াটি ও হিরুয়াকি ইয়ামাজুচি। গতকালই রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এডিবি ও জাইকার স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খানসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী চার দিনের সিলেট সফর শেষে গতকাল সকালে বিমানযোগে ঢাকায় ফেরেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি নিজ বাসভবনে যান। বেলা ১১টার দিকে জাইকার দুই সদস্যের এক প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে আসে। কিন্তু দপ্তরে না পেয়ে জাইকার দলটি পরে অর্থমন্ত্রীর বাসভবনে যায়। তখন এডিবির একটি প্রতিনিধিদলও অর্থমন্ত্রীর বাসভবনে আসে। দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা পৌনে একটার দিকে জাইকা এবং একটার দিকে এডিবির প্রতিনিধিরা অর্থমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান। আর পূর্বাচল প্রকল্প পরিদর্শন করতে অর্থমন্ত্রী বাসভবন থেকে বের হন একটা ২০ মিনিটে। কিন্তু প্রধান ফটকের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।এদিকে পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তির কার্যকারিতার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে এডিবি। সেতু প্রকল্পে ঋণের কার্যকারিতার মেয়াদ আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে সংস্থাটি গতকাল ইআরডিকে জানিয়েছে। গত সপ্তাহে জাইকাও একইভাবে তাদের ঋণচুক্তির কার্যকারিতার মেয়াদ ২০১৩ সালের ৩০ জুন বাড়ানোর ঘোষণা দেয়।