বিশ্বব্যাংক ফেরায় সন্তুষ্ট এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক নতুন করে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘স্বপ্নের এ প্রকল্প’কে বাস্তবে রূপ দিতে অন্য সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে অধীর অপেক্ষায় আছে ম্যানিলাভিত্তিক দাতা সংস্থাটি। আজ সোমবার এক বিবৃতিতে এডিবি এ মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের নেওয়া সন্তোষজনক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক নতুন করে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংক সন্তুষ্ট। এটি বাংলাদেশের জনগণ ও পুরো অঞ্চলের জন্য সুখবর। পদ্মা সেতু একটি অনুকরণীয় প্রকল্প, যার প্রতি আমাদের সমর্থন রয়েছে। এটি মানুষের জীবনযাত্রা পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের অপার সম্ভাবনা সৃষ্টি করবে।’ এডিবি জানায়, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপসহ সুশাসন প্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়ায় তারা সন্তুষ্ট। পদ্মা সেতু প্রকল্প এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছে এডিবি। স্বপ্নের এ প্রকল্প বাস্তবে রূপ দিতে অর্থলগ্নিকারী অন্য সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তারা অপেক্ষা করছে।