বিশ্বব্যাংক সংস্কারের আভাস দিলেন সংস্থার প্রধান কিম
দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে বিশ্বব্যাংকের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বৃহত্তর সংস্কারের প্রস্তুতি নিচ্ছেন সংস্থাটির প্রধান জিম ইয়ং কিম। গত বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টি নিয়ে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে। খবর রয়টার্সের।গত জুলাইতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ইয়ং কিম। এরপর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠক হতে যাচ্ছে টোকিওতে। ১১ থেকে ১৪ অক্টোবর এই বৈঠক হবে।ইয়ং কিম ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘যদিও সুনির্দিষ্ট কোনো পরিবর্তনের বিষয়ে আলোচনার জন্য আমরা এখনো প্রস্তুত নই...কিন্তু বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার যে সময়সীমা নিয়ে আমরা কাজ করছি, তার আগেই যদি সে লক্ষ্য পূরণে আন্তরিক হই, তা হলে কিছু পরিবর্তন আমাদের আনতেই হবে। বিশেষ করে, বর্তমানে যে পদ্ধতিতে বিশ্বব্যাংক চলছে, সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন।’বিশ্বব্যাংকের প্রধান জানান, উন্নয়ন ঋণ দেওয়ার চেয়ে তাঁর সংস্থা যেন প্রকৃত পরিবর্তনের দিকে আরও বেশি মনোযোগী হয় সেটাই তিনি চান। তিনি বলেন, ‘বিশেষত, ব্যাংকের গভর্নরদের আমি বলতে চাই, আমরা একসঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে এমন একটি জায়গায় দাঁড় করাতে চাই যেখানে আমরা আরও দ্রুত পদক্ষেপ নিতে পারি। আরও সহজে মধ্যপর্যায়ের সংশোধন করতে পারি এবং শুধু বড় বড় ঋণ অনুমোদনের পরিবর্তে সদস্যদেশগুলোয় সত্যিকারের পরিবর্তন কী হলো সে ব্যাপারে আমাদের জবাবদিহির বিষয়টিকে যেন আরও গুরুত্ব দেওয়া হয়।’আগামী এপ্রিলে সদস্যদেশগুলোর সম্মেলনে বিশ্বব্যাংকের সংস্কারের বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে তুলতে পারবেন বলে জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই সংস্কার যে প্রয়োজন সেটা অনেক আগে থেকে পরিষ্কার।’দুর্বল প্রবৃদ্ধি এবং ঋণের উচ্চ বোঝা নিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইয়ং কিম জানান, এ পরিস্থিতিতে বড় দাতাদের কাছে আরও বেশি অর্থ চাওয়ার সময় এটা নয়। তিনি বলেন, ‘আমি মনে করি, তহবিল বাড়ানোর জন্য আলোচনার সময় এটা নয়, দাতা দেশগুলোও সে জন্য প্রস্তুত নয়।’হার্ভাডের চিকিৎসক ও নৃতত্ত্ববিদ ইয়ং কিম বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে যে রাজনীতি চলছে তাতে জড়িয়ে পড়তে হয় এই ভয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে এখনো পর্যন্ত জোরালো কোনো কথা বলেনি বিশ্বব্যাংক।উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমানো জরুরি হলেও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য ধনী দেশগুলো তা এড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ের জন্য দরিদ্র দেশগুলোকে সাহায্য করতে যে অর্থ দেওয়ার কথা তা তারা দিচ্ছে না।