বিশ্বব্যাংকই দুর্নীতির আখড়া: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক দুর্নীতির দোহাই দিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনেক দিন ধরে তারা দুর্নীতির কথা বললেও তারা কোনো কাগজপত্র দেখাতে পারছে না।আজ রোববার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এসব অভিযোগ করা হয়। সভায় একাধিক সদস্য বিশ্বব্যাংককেই ‘দুর্নীতির আখড়া’ হিসেবে অভিহিত করেন। পদ্মা সেতুর নির্মাণকাজ বিলম্ব হওয়ার কারণ নিয়ে আলোচনাকালে সরকারি দলের সাংসদেরাই এসব কথা বলেন। তবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দেশের বাইরে থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি।বৈঠকে বলা হয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিশ্বব্যাংক দুর্নীতির কোনো প্রমাণ না দেখিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজে অসহযোগিতা করছে। এটি দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিতে সরকারকে বলা হয়।বৈঠকের পর কমিটির সদস্য অপু উকিল সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে কমিটির এক সদস্য বিশ্বব্যাংককে দুর্নীতির আখড়া হিসেবে আখ্যায়িত করেছেন।’কমিটির সদস্য আবু জাহির বলেন, ‘বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির বিষয়ে কিছু ই-মেইল আছে বলে আমরা জানতে পেরেছি। তবে এসব মেইল যারা পাঠিয়েছে, তাদের পরিচয় পাওয়া যায়নি।’কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছে ঠিকই। তবে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।’ সভায় সর্বাধিক অগ্রাধিকার দিয়ে পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। প্রয়োজনে পদ্মা সেতুর নির্মাণকাজে দেশের সব শ্রেণীর মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সভায় দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের পরিচয় জনগণকে জানানোর সুপারিশ করা হয়।সভায় প্রস্তাবিত মেট্রোরেলের বিষয়ে তথ্যাদি উপস্থাপন ও আলোচনা হয়। ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে মিরপুর পল্লবী হতে ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল নির্মাণ শুরু করতে দ্রুত এলাকা নির্বাচন করে কাজ শুরুর সুপারিশ করা হয়।সভায় আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার এবং পরবর্তী এক মাসের মধ্যে উদ্ধার হওয়া জমি পুনরায় ইজারা দেওয়ার সুপারিশ করা হয়। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তাঘাট খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তা মেরামত করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য জিল্লুর হাকিম, এইচ এম গোলাম রেজা, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন।