বিশ্বব্যাংককে রাজি করানো সরকারের বড় কৃতিত্ব
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতু একটি বড় প্রকল্প এবং জটিল কাজ। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ ও দুর্নীতিমুক্ত সেতু নির্মাণ এখন আমাদের প্রধান লক্ষ্য। এ সেতু বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোকে রাজি করানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বড় একটি কৃতিত্ব।’আজ বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীদের সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংককে রাজি করানোয় অর্থমন্ত্রীকে ‘দেশের সফল অর্থমন্ত্রী’ অভিহিত করা হয়। অর্থমন্ত্রী বলেন, এ সেতু নির্মিত হলে দেশের অর্থনীতির বাজারে দক্ষিণাঞ্চলের বাজার একীভূত হবে। নভেম্বরে পদ্মা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী বছরের নভেম্বরে সেতু নির্মাণের কাজ শুরু হবে। তিনি দাতা সংস্থাগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান।সংবর্ধনা শেষে বিমানবন্দর থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে অর্থমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিমানবন্দরে অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বক্তব্য দেন।আজ বিশ্বব্যাংকের নতুন একটি বিবৃতি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের নতুন করে দেওয়া বিবৃতি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে কোনো প্রভাব ফেলবে না। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার এখন আরও বেশি সতর্ক থাকবে।