বিশ্বব্যাংককে সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী (ভিডিও)
পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে এ মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিশ্বব্যাংককে সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় বিকল্প উপায়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর রাশিয়া সফরের বিষয়ে আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তবে পদ্মা সেতু, বিশ্বব্যাংক, আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণমাধ্যম ইত্যাদি বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গ পদ্মা সেতুপদ্মা সেতুর ব্যাপারে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বলা হয়েছে এতে দুর্নীতি হয়নি, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির ষড়যন্ত্রের যে ফর্মুলা বের হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যাবে, বাংলাদেশে কোনো বিনিয়োগ হবে না, কোনো কাজ করা যাবে না। কাজেই দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলে পদ্মা সেতুর কাজ বন্ধ করা গ্রহণযোগ্য নয়। এ সেতুর কাজ শুরু করবই।’ বিশ্বব্যাংকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক নিজেই শুধু কাজ বন্ধ করেনি, কনসোর্টিয়ামের নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে অন্য দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থাকেও (জাইকা) তারা কাজ করতে নিষেধ করেছে।’শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংককে জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তা না হলে আমরা জানুয়ারির পর বিকল্প উপায়ে এ সেতুর কাজ শুরু করব।’ গণমাধ্যমের কাছে প্রশ্নপদ্মা সেতুর নির্মাণপ্রক্রিয়ার ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বিশ্বব্যাংকের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চুক্তি হয়েছিল দুই পক্ষের কোনো আলোচনা ও চিঠি চালাচালি গোপন রাখা হবে। অথচ বিশ্বব্যাংকের একটি চিঠি সরকারের হাতে পৌঁছানোর আগেই একটি পত্রিকায় হুবহু ছাপা হলো। তাই এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না—সেটি আপনাদের খুঁজে বের করার সনির্বন্ধ অনুরোধ জানাই।’রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয় চুক্তিরাশিয়া থেকে সমরাস্ত্র কেনার জন্য ভবিষ্যতে মামলা হবে কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শোনেন, আমি রাজনীতিবিদ। মামলা হতেই পারে। আমি মামলা নিয়ে চিন্তা করি না। নিজের কাছে পরিষ্কার থাকাটাই মূল কথা। এর আগে চীন থেকে ট্যাংক কিনলাম, সেটা নিয়ে তো কথা উঠল না। তা-ও আবার বাজেটের টাকা থেকে সরাসরি কিনলাম। চীন থেকেও ঋণ নেওয়া হয়েছিল। রাশিয়ার তুলনায় বেশি সুদেই ওই ঋণ নেওয়া হয়েছিল। এবার রাশিয়া থেকে রাষ্ট্রীয় ঋণে কিনছি। আর ঋণ পরিশোধ করতে হবে পাঁচ বছর পরে।’বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন অস্ত্র কেনার কী দরকার! আবার যখন আকাশে ওড়ে তখন তো ভালই লাগে। স্বাধীনতার পরে মিগ-২১ আমাদের জন্য আনা হয়। এর আগেরবার মিগ-২৯ এনেছিলাম। তাঁরা কি চান না সামরিক বাহিনী আধুনিক হোক, শক্তিশালী হোক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত হোক? তাঁরা তা চান না।’
আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীআগামী নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করা হলে বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের সাড়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই।