বিশ্বব্যাংককে স্থগিত কার্যক্রম চালু করতে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর স্থগিত হয়ে যাওয়া সব কার্যক্রম চালু করতে বিশ্বব্যাংককে অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার একটি প্রেসনোট জারি করে বলা হয়েছে, পদ্মা সেতুর তদারকির কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, নদীশাসন প্রাক-যোগ্যতার কাজের দরপত্র মূল্যায়ন এবং সেতুর মাওয়া দিকের সংযোগ সড়কের দরপত্র কার্যক্রম—তিনটিই স্থগিত রয়েছে। সরকার বিশ্বব্যাংকের এই পদক্ষেপকে যথাযথ বলে মনে করে না।প্রেসনোটে বলা হয়েছে, তদারকির কাজের পরামর্শক নিয়োগের বিষয়ে সরকারের প্রস্তাব হচ্ছে, কানাডীয় অভিযুক্ত প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ঠিকাদার নিয়োগের কাজটি এগিয়ে নেওয়া হোক। এতে বলা হয়েছে, নদীশাসন প্রাক-যোগ্যতার জন্য কাজের দরপত্র মূল্যায়নের যে প্রতিবেদন বিশ্বব্যাংককে অনুমোদনের লক্ষ্যে দেওয়া হয়েছে, সেই কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারেও স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করা হয়েছে। মাওয়া দিকের সংযোগ সড়কের দরপত্রের ব্যাপারেও কার্যক্রম সত্বর চালু করার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়েছে। প্রেসনোটে আরও বলা হয়েছে, জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমিমালিকদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে। এ বিষয়ে অর্থায়ন বর্তমান চুক্তি অনুযায়ীই বহাল আছে। অর্থমন্ত্রী মনে করেন, বিষয়টি অতিসত্বর নিষ্পত্তি হবে এবং পদ্মা সেতুর বিভিন্ন পর্যায়ের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা যাবে। তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে শক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেতুর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ যেসব কার্যক্রম শুরু ও বাস্তবায়ন করা হয়েছে, সেসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। মূল সেতুর নির্মাণকাজের ঠিকাদারদের প্রাক-যোগ্যতা মূল্যায়ন সম্পর্কে বিশ্বব্যাংক যে অভিযোগ সরকারের কাছে দিয়েছে, ইতিমধ্যেই সে অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার আশা করে, দুদকের তদন্তে বিশ্বব্যাংক সহায়তা করবে এবং তার ফলাফল অচিরেই পাওয়া যাবে।‘পদ্মা সেতুর কাজ থেমে নেই’ শীর্ষক শিরোনামের সোয়া দুই পৃষ্ঠার প্রেসনোটের শুরুতেই বলা হয়েছে, সম্প্রতি পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচুর লেখালেখি ও আলোচনা চলছে। একে রাজনৈতিক ইস্যু করার প্রচেষ্টাও লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় বিভ্রান্তি নিরসনে সরকার প্রকৃত পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরা প্রয়োজন বলে মনে করছে। প্রেসনোটে সবশেষে বলা হয়েছে, ‘আমাদের অবকাঠামো খাতে ঘাটতি ব্যাপক এবং সেটা দূর করা আমাদের কর্তব্য। এ জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, অতিসত্বর একটি “অবকাঠামো তহবিল” গঠনের বিষয় চূড়ান্ত করা হবে।’