বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানেও দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশের অন্যতম স্থানীয় উপপরামর্শক প্রতিষ্ঠান বিসিএল কনসালট্যান্ট লিমিটেডের প্রধান এম এ আজিজ। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জিজ্ঞাসাবাদ শেষে এম এ আজিজের কাছে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এম এ আজিজ বলেন, ‘করাপশন অনেক দেশে আছে। ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানেও কম-বেশি করাপশন আছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক তো এসএনসি-লাভালিনের দুই সদস্যকে কানাডায় আটক করেছিল। কিন্তু সে দেশে এখনো এসএনসি-লাভালিন কাজ করছে।’দুপুর ১২টা থেকে সোয়া তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে আজিজ বলেন, ‘বিশ্বব্যাংক অভিযোগ করেছে, এ প্রকল্পে দুর্নীতি হয়েছে। যেহেতু আমরাও ওই প্রকল্পে পরামর্শক হিসেবে অংশ নিয়েছি, তাই আমরা কিছু জানি কি না, তার জন্য দুদক আমাদের ডেকেছে।’ পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে দরপত্র আবেদনে অংশ নেওয়া নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম অ্যান্ড এজেডএলের স্থানীয় উপপরামর্শক একম কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা এবং বিসিএল অ্যাসোসিয়েট লিমিটেডের পরিচালক এম এ আজিজকে আজ জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে বেলা পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একম কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধান দল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। কোনো অনিয়ম থাকলে সেটা সরকারই বলতে পারবে। অন্য কোনো প্রতিষ্ঠান এসব অনিয়মে জড়িত হওয়ার বিষয়ে আমাদের জানার কথা নয়।’ সাংবাদিকদের তিনি জানান, এসএনসি-লাভালিনের সঙ্গে তাঁদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।পদ্মা সেতু প্রকল্পে জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচ প্রতিষ্ঠানের নাম সুপারিশ করে। প্রতিষ্ঠানগুলো হলো—এসএনসি-লাভালিন, যুক্তরাজ্যের হালক্রো গ্রুপ, নিউজিল্যান্ডের একম অ্যান্ড এ জেড এল, জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান হাই পয়েন্ট রেন্ডাল। এর মধ্যে এসএনসি-লাভালিনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিয়ে অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়েছিল। এর পরই এ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ইতিমধ্যে বিশ্বব্যাংক এসএনসি-লাভালিনকে কালো তালিকাভুক্ত করেছে।