বিশ্বব্যাংকের অভিযোগ জানি না, জানলে লেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তাঁর বিষয়ে গণমাধ্যম ও বিশ্বব্যাংক ভুল করেছে বলেও তিনি মনে করেন। আজ সোমবার প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প নিয়ে আয়োজিত কর্মশালা শেষে মসিউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে পরিকল্পনা কমিশন। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগের কারণে বিশ্বব্যাংকের শর্তানুসারে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ছুটিতে আছেন।মসিউর রহমান বলেন, ‘বিশ্বব্যাংক আমার সম্পর্কে কী অভিযোগ করেছে, আমি তা জানি না। আপনারা (গণমাধ্যম) যদি জানেন, তবে কাগজে লিখে ফেলেন।’কাজে যোগদান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাংক আমার মাথাটা তো অবশ করেনি। সব সময় আমার মাথা কাজ করে। আপনারাই (গণমাধ্যম) বলেছেন, বিশ্বব্যাংক বলেছে, তুমি (মসিউর) কাজ করো না। আমি (মসিউর) দোষী।’গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মসিউর রহমান বলেন, ‘আপনারা এখন কাগজে ছাপিয়ে দেন, মসিউর রহমানের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। যেসব পত্রিকা লিখেছে, তারা ভুল করেছে, বিশ্বব্যাংক ভুল করেছে। এখন তাঁকে দেশের সেবা করা থেকে সরকারের বিরত রাখা ঠিক হবে না।’ কাজে যোগদান করেছেন কি না সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে বিশ্বব্যাংক অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত নিতে ১৫-২০ বছর লেগেছে। ওই এলাকায় পাখি আসবে কি না, সে বিষয়ে দীর্ঘদিন ধরে এই সংস্থা চিন্তিত ছিল। এভাবে মূল কাজ বাদ দিয়ে বিশ্বব্যাংকের মতো গৌণ কাজ নিয়ে ব্যস্ত থাকলে সরকারের চলবে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আরেক সদস্য আবদুস সাত্তার মণ্ডল। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩১ হাজার ৪১৪ কোটি টাকার গঙ্গা ব্যারাজ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।