বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু হলে চাঁদা তোলা বন্ধ করতে হবে
সরকার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পদ্মা সেতু নির্মাণ করলে দেশবাসীর কাছ থেকে এখনই চাঁদা আদায় করা বন্ধ করতে হবে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা এ কথা বলেছেন। বৈঠকে কমিটির সদস্য গোলাম মাওলা বলেছেন, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা বলছেন দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে। এখন আবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। তাঁর এসব বক্তব্যে দেশের মানুষ এবং সংসদীয় কমিটি বিভ্রান্ত হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয়কে পরিষ্কার করতে হবে, আসলে কাদের অর্থে পদ্মা সেতু হবে। বিষয়টি জাতির কাছে পরিষ্কার থাকা প্রয়োজন। গোলাম মাওলার এই বক্তব্যকে কমিটির অন্য কয়েকজন সদস্য সমর্থন করেন। কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে বিশ্বব্যাংক, পদ্মা সেতু ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সদস্যরা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু হলে দেশের সাধারণ মানুষের কাছ থেকে যে চাঁদা তোলা হচ্ছে, তা বন্ধ করতে হবে। এমনকি এ-সংক্রান্ত ব্যাংক হিসাবও বন্ধ করতে হবে। অন্যদিকে, যদি দেশীয় অর্থায়নে পদ্মা সেতু হয়, তবে বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার তত্পরতা বন্ধ করতে হবে।বৈঠক শেষে কমিটির সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডট কমকে বলেন, ‘আমি পদ্মা সেতু এবং আবুল হোসেনকে নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ, এই মুহূর্তে বিষয়টি সরকারের জন্য স্পর্শকাতর।’তবে গোলাম মাওলা প্রথম আলে ডটকমকে বলেন, ‘অর্থমন্ত্রী একেক সময় একেক রকম কথা বলছেন। তাঁর কথায় শুধু জাতিই নয়, আমার ধারণা প্রধানমন্ত্রীও বিভ্রান্ত হচ্ছেন। এভাবে সবাই কথা বললে সরকারের সমস্যা আরও বাড়বে। আমি বলেছি, মন্ত্রীর পদত্যাগেও বিশ্বব্যাংক টাকা দেবে না। কারণ, গত তিন বছরে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় টাকা আদায় করার মতো সুসম্পর্ক রাখতে পারেনি।’ সূত্র জানায়, বৈঠকে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, অর্থমন্ত্রী পদ্মা সেতুর বিষয়ে কখনো তাঁর সঙ্গে পরামর্শ করেন না। এমনকি পদ্মা সেতু বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, যোগাযোগমন্ত্রী তাঁর খসড়া দেখতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে দেখতে দেওয়া হয়নি। অর্থমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী অথবা মসিউর রহমানের সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন। মন্ত্রী আরও বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ যথাসময়ে শুরু হবে। অবশ্য বৈঠকের পর কমিটির সভাপতি মোস্তফা ফারুক মোহাম্মদ সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো আলোচনা হয়নি। মোস্তফা ফারুক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, জিল্লুর হাকিম, নজরুল ইসলাম (মঞ্জু), এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী ও গোলাম মাওলা অংশ নেন।