বিশ্বব্যাংকের আন্তর্জাতিক দলকে স্বাগত জানিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে পরিচালিত তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে বিশ্বব্যাংকের গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক দলকে স্বাগত জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। তাঁদের সঙ্গে কাজ করা শুভকর।’এর আগে গোলাম রহমান বলেছিলেন, তাঁদের সঙ্গে কাজ করা অসম্মানজনক। আজ তিনি ওই তদন্ত দলকে কেন স্বাগত জানাচ্ছেন, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে কেউ কাউকে বিশ্বাস করে না। তাঁরা যখন দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কাজ করবেন এবং কথা বলবেন, তখন বাংলাদেশের বিচার ও দুর্নীতি দমন কমিশনের ওপর মানুষের আস্থা তৈরি হবে। প্রতিনিধিদলে যাঁরা আসছেন, তাঁরা অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাঁদের সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য ভালো হবে।’ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের বক্তব্য সম্পর্কে গোলাম রহমান বলেন, পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত দল প্রয়োজন মনে করলে সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে। দুদক সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কে কার সন্তান বা কে কোন দল করে, তা দেখা দুদকের কাজ নয়। কোনো দুর্নীতিবাজ বা কারও দুর্নীতি যদি দুদকের তফসিলভুক্ত আইনের আওতায় পড়ে, তবে দুদক সেটা অবশ্যই খতিয়ে দেখবে।’ খালেদা জিয়া গতকাল শনিবার হবিগঞ্জে এক জনসভায় দুদকের সমালোচনা করে বলেছেন, ‘দুদক শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছে; কিন্তু সরকারদলীয় চোরদের ধরছে না। এ জন্য বিএনপি ক্ষমতায় গেলে দুদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে; তাদের বিচার করা হবে।’ হলমার্ক ও ডেসটিনি কেলেঙ্কারির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ সময় তিনি সবার কাছে অনুরোধ করেন, ‘কেউ যদি জানেন বা তাঁদের কোথাও দেখা যায়, তাহলে দুদককে খবর দেবেন।’গতকাল রাতে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে ধরতে সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর একটি দল। আজ ভোর ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।