বিশ্বব্যাংকের ঋণেই পদ্মা সেতু করতে চায় সরকার
নিজস্ব অর্থায়নের কথা বলা হলেও এখন সরকারের অগ্রাধিকার হচ্ছে বিশ্বব্যাংকের সহায়তা নিয়েই পদ্মা সেতু করা। এ জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আবারও আলোচনা করবে সরকার। দ্বিতীয় বিকল্প হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং ইসলামি উন্নয়ন ব্যাংককে সম্মত করা। সরকারের তৃতীয় অগ্রাধিকার হচ্ছে নিজস্ব অর্থে পদ্মা সেতু করা।জানা গেছে, সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরির কথা জোরালোভাবে বলা হলেও, এসব বক্তব্য এখনো মূলত রাজনৈতিক। পদ্মা সেতুর ঋণ চুক্তি বিশ্বব্যাংক বাতিল করায় বাংলাদেশ ও সরকারি দল যে সমালোচনার মুখে পড়েছে, তা কাটিয়ে উঠতেই এই প্রচারণা সরকার চালিয়ে যাবে বলে জানা গেছে। দেশীয় সব সম্পদ দিয়ে একটি সেতু তৈরি করা হলে দীর্ঘ মেয়াদে এর দায় অর্থনীতির ওপর পড়বে। এসব বিবেচনাও অর্থ মন্ত্রণালয় করছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের প্রথম বিকল্প হলো বিশ্বব্যাংকের নেতৃত্বাধীন আগের কাঠামো। না হলে তিন উন্নয়ন সহযোগীদের নিয়ে নতুন কাঠামো। তাদের কাছ থেকে ২৩০ কোটি ডলার যদি না-ও পাওয়া যায়, তা-ও গ্রহণ করব। আর তৃতীয়টি হলো নিজের অর্থায়নে করা।’সূত্র জানায়, গত মঙ্গলবার অর্থমন্ত্রী তাঁর নিজের বাসায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদ্মা সেতু নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকেই এই তিন বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে।বিশ্বব্যাংকই অগ্রাধিকার: ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি গত ২৯ জুন বাতিল করেছে বিশ্বব্যাংক। এর পর থেকে বিশ্বব্যাংক নিয়ে অনেক কথা বলা হলেও সরাসরি সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো স্তর থেকেই কোনো আলোচনা হয়নি। কেবল নিয়মমাফিক কাজ করেছেন বিশ্বব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক। তবে সেটি কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়।বিশ্বব্যাংকের সূত্রগুলো বলছে, তারা কেবল বিভিন্ন বক্তৃতা-বিবৃতির মাধ্যমে সরকারের অবস্থান জানতে পারছে। কিন্তু সরকার চুক্তি বাতিলের পর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সেই সব বক্তৃতা-বিবৃতির সূত্র ধরেই বিশ্বব্যাংক গত মঙ্গলবার প্রশ্ন-উত্তর আকারে একটি বক্তব্য দিয়েছে। তাতে বিশ্বব্যাংক তাদের সব ধরনের চিঠি সরকার প্রকাশ করতে পারে বলে জানিয়ে দিয়েছে।তবে বিশ্বব্যাংক সূত্র বলছে, গত সেপ্টেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত অসংখ্য চিঠি চালাচালি হয়েছে। আর দুটি চিঠির সঙ্গে দুটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়েছিল। এর একটি দেওয়া হয় ২১ সেপ্টেম্বর, অন্যটি গত ৯ এপ্রিল। প্রথম প্রতিবেদনটিতে দুর্নীতির চেষ্টার সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী ও তাঁর পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম রয়েছে। দ্বিতীয় প্রতিবেদনটিতে সরকারের মন্ত্রী, কর্মকর্তাসহ ছয়জনের নাম রয়েছে। সর্বশেষ সংকট ছিল শেষ প্রতিবেদনটি নিয়েই। সরকার এই ছয়জনকে দায়িত্ব থেকে ছুটি দিতে সম্মত হয়নি।চুক্তি বাতিলের পর বিশ্বব্যাংকের সমালোচনা করে নানা ধরনের বক্তব্য দেওয়া হলেও সরকার চেষ্টা করবে বিশ্বব্যাংকের সহায়তা নিয়েই সেতু তৈরির। এটিই সরকারের এখনকার সিদ্ধান্ত। এ জন্য নতুন কিছু প্রস্তাবও দেওয়া হতে পারে। তবে এর আগে সরকার বিশ্বব্যাংকের মনোভাব জানবে।জাইকার নতুন প্রেসিডেন্ট একিহিকো তানাকা চলতি মাসেই ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে তাঁর বৈঠক হবে ২৩ জুলাই। সূত্র জানায়, অর্থমন্ত্রী এ এম এ মুহিত জাইকার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। তিনি পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলার জন্য জাইকার প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। এ নিয়ে তিনি কথা বলবেন বলে অর্থমন্ত্রীকে জানিয়েছেন। এর পরই বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে।অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এডিবি ও জাইকার সঙ্গে কথা বলার জন্য গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর জাপান ও ফিলিপাইন যাওয়ার কথা ছিল। কিন্তু এক দিন আগে সেটি বাতিল করা হয়। জাইকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরই ওই সফর বাতিল করা হয়। তাই সরকার এখন অপেক্ষা করছে বিশ্বব্যাংক ও জাইকার দুই প্রেসিডেন্টের আলোচনার ওপর।অন্য দাতারা দ্বিতীয় বিকল্প: ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবি পদ্মা সেতুতে সাহায্য অব্যাহত রাখবে বলে জানিয়ে দিয়েছে। তাদের প্রতিশ্রুত সাহায্য ছিল ১৪ কোটি ডলার। সরকারের চেষ্টা থাকবে জাইকা ও এডিবিকে সঙ্গে রাখা।সব চেষ্টা ব্যর্থ হলে নিজস্ব অর্থে পদ্মা সেতু করার আগে আরেকটি বিকল্পের কথাও অর্থমন্ত্রীর বাসার বৈঠাকে আলোচনা হয়েছে। সেটি হচ্ছে, নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা। এ ক্ষেত্রে শর্ত থাকবে, যে প্রতিষ্ঠান সেতু তৈরির জন্য দরপত্রে অংশ নেবে, তারাই বিনিয়োগ করবে। এ ক্ষেত্রে পুরো কাজ তদারকির জন্য আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিদের নিয়ে একটি প্যানেল তৈরি করা হবে। তবে সবকিছুই এখন নির্ভর করছে বিশ্বব্যাংকের মনোভাব এবং সরকার বিশ্বব্যাংকের শর্ত কতখানি মানবে, তার ওপর।সাংবাদিকদের অর্থমন্ত্রী: মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের সঙ্গে পদ্মা সেতু নিয়ে কথা বলেন। অর্থমন্ত্রী এ সময় বলেছেন, ‘পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি একটা স্তরে আছে। আলোচনা এখনো চলছে। এর বাইরে আমি কিছু বলব না।’সঙ্গে সঙ্গেই অবশ্য অর্থমন্ত্রী বলেন, ‘জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে আজ (গতকাল) সকালে আমার কথা হয়েছে। তিনি ওয়াশিংটন যাচ্ছেন।’জাইকার প্রেসিডেন্ট কেন ওয়াশিংটন যাচ্ছেন, কী করবেন তিনি—এই প্রশ্ন করা হলে পাল্টা প্রশ্নে মুহিত বলেন, ‘এটা তো খুলে বলার কিছু নেই। আপনারা বুঝতে পারছেন না, তিনি কেন যাচ্ছেন?’ অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, আগামী মৌসুম থেকে নির্মাণকাজ শুরু করা। দরপত্রের প্রক্রিয়া যেখানে এসে আটকে আছে, সেখান থেকেই শুরু করতে চাই।’বিশ্বব্যাংক বা কারও নাম উচ্চারণ না করে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের বললাম যে, পুনর্বিবেচনা (রিভিউ) চাচ্ছি। তাই সময় দিতে চাই।’ পুনর্বিবেচনা না হলে কী হবে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তখন দেখব। অন্যদের বলব যে আমাদের সঙ্গে থাকো।’অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম বিকল্প হলো বিশ্বব্যাংকের নেতৃত্বাধীন আগের কাঠামো। না হলে তিন উন্নয়ন সহযোগীদের নিয়ে নতুন কাঠামো। তাদের কাছ থেকে ২৩০ কোটি ডলার যদি না-ও পাওয়া যায়, তা-ও গ্রহণ করব। আর তৃতীয়টি হলো নিজের অর্থায়নে করা।’নিজেদের অর্থায়ন প্রসঙ্গে ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথম দিনেই আমি বলেছি। এতে অনেক দিকেই কাটাকাটি করতে হবে। সমস্যা যেটা হবে, এখন মন্ত্রণালয়গুলো চাইলেই টাকা পেয়ে যায়। তখন পাওয়া কঠিন হবে।’কেউ দিতে চাইলে নেওয়া হবে—পদ্মা সেতু নির্মাণের চাঁদা প্রসঙ্গে আঞ্চলিক শব্দে তিনি বলেন, ‘এটা চান্দা না। যার ইচ্ছে দেবেন। তবে ব্যাংক হিসাবে দিতে হবে। তবে বড় চেকেটেকে দিতে হলে প্রধানমন্ত্রী ও সেতু মন্ত্রীর কাছে দিতে পারেন।’‘পদ্মা সেতুর জন্য চান্দা তোলার সময় আমার নেই’ উল্লেখ করে তিনি বলেন, কনটিনজেন্সি (আপৎকালীন) তহবিলে এই টাকা জমা হবে। বাজেট ছাড়া যে তহবিলের এক টাকাও খরচ করা যায় না।মুহিত এলন, ‘বর্তমান অর্থবছরে পদ্মা সেতুর জন্য ৮০০ কোটি টাকা রয়েছে। সরকার হিসাব করে দেখেছে যে, এ বছর আরও ৫০০ কোটি অর্থাৎ মোট ১৩০০ কোটি টাকা লাগবে। টাকার এই অঙ্ক কোনো ব্যাপার না।’