বিশ্বব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাজির হতে অনুরোধ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তা পদ্মা সেতুর বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, তাঁদের হাজির হওয়ার অনুরোধ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।আনিসুল হক বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ দুদক স্বতঃপ্রণোদিতভাবেই অনুসন্ধান শুরু করে। তারপর বিশ্বব্যাংকও নালিশ জানায়। তাই দুদকের কাছে বিশ্বব্যাংক একটি নালিশি প্রতিষ্ঠান। অনুসন্ধানের স্বার্থে বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিশ্বব্যাংককে এ বিষয়ে অনুরোধ জানানো হচ্ছে। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাজের স্বার্থেই কানাডায় একই বিষয়ে অভিযোগের বর্তমান অবস্থা জানা জরুরি। আমরা এখনো ওই বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা আশা করছি, বিশ্বব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে আমাদের সহযোগিতা করতে পারবেন।’তবে পরে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তা পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের মূল্যায়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, অনুসন্ধানের প্রয়োজনে কমিশনের পক্ষ থেকে মূলত তাঁদের সঙ্গেই আলোচনা করা হবে।অবশ্য দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় বলেন, পদ্মা সেতুর পরামর্শক প্রাক্-যাচাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ বিষয়ে বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তার সঙ্গে দুদকের অনুসন্ধান কমিটি আলোচনা করবে। তিনি জানান, বিশ্বব্যাংকের কাছে দুদকের প্রতিবেদন পাঠানো হয়েছে।এদিকে গতকাল শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে একটি চুক্তি সই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, তদন্তের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দুদককে তাগিদ দেওয়া হয়েছে। দুদক যত দ্রুত পদক্ষেপ নেবে, বিশ্বব্যাংক তত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকের তদন্ত-প্রক্রিয়া ও প্রকল্পের বাস্তবায়ন-প্রক্রিয়া একই সমান্তরালে এগিয়ে যাবে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে কিছু পরিবর্তনের জন্য অন্য দাতাদের সমন্বয়ে একটি ‘যৌথ মিশন’ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারও একমত হয়েছে।অ্যালেন জানান, সম্প্রতি সফর করা বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল বাংলাদেশ ত্যাগের আগে দুর্নীতির তদন্ত-প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানতে দুদককে লিখিত আকারে জানিয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল তদন্তকাজের বিষয়ে উপদেশ দিয়েছে, কিছু পরামর্শও দিয়েছে। দুদকের সেই তথ্য জানার পরই বিশেষজ্ঞ দল তাদের মতামত জানাবে। বিশ্বব্যাংক এর জন্য অপেক্ষা করছে। তিনি জানান, পদ্মা সেতু বাস্তবায়নের রূপরেখা ও কর্মপন্থা নির্ধারণে শিগগিরই বিশ্বব্যাংকের আরেকটি প্রতিনিধিদল ঢাকায় আসবে।ইআরডির সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের ব্যাংক। যেকোনো প্রকল্পেই সমস্যা দেখা দিতে পারে। সেগুলো সমাধান করাই আমাদের দায়িত্ব।’গতকাল বাংলাদেশ সরকারের সঙ্গে ‘গ্রামীণ বিদ্যুতায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন’ শীর্ষক এক প্রকল্পে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ঋণচুক্তি করে বিশ্বব্যাংক। একই অনুষ্ঠানে ‘দ্বিতীয় গ্রামীণ সড়ক উন্নয়ন’ শীর্ষক অপর এক প্রকল্পে ৩০ কোটি ২০ লাখ ডলারের ঋণচুক্তি করা হয়।এদিকে দুপুরে দুদকে এসেছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, স্বতঃপ্রণোদিত হয়েই তিনি দুদকে তথ্য দিতে এসেছেন। রমেশের ডায়েরিতে তাঁর নাম প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘সেটা বিবেচ্য বিষয় নয়। রমেশ ও ইসমাইলের সঙ্গে আমার এমন কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্যাভিস ওয়ালিসকে বলেছিলাম রমেশকে এখানে না রাখতে। কারণ, তাঁর অতীত ইতিহাস খারাপ।’মোশাররফের আসা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, তিনি নিজেই এসেছেন। নিজের দুঃখের কথা বলেছেন এবং চলে গেছেন।রিমান্ড শেষে কারাগারে: ব্যাংক খাতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলায় গ্রেপ্তার হওয়া হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখার বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল জেসমিনকে পাঁচ দিন, তুষারকে ১৬ দিন ও আজিজকে আট দিনের রিমান্ডের পর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। দুদক তাঁদের জেলহাজতে পাঠানোর আবেদন করলে আদালত এ আদেশ দেন।