বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিরোধ মিটিয়ে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া উচিত। কেননা, বিশ্বব্যাংক অনেক কম সুদে ঋণ দিতে চেয়েছে। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এম কে আনোয়ার বলেন, দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ঋণ স্থগিত করেছে। তাই সরকারের উচিত হবে, দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ বিশ্বব্যাংক অনেক কম সুদে ও সহজ শর্তে এই ঋণ দেওয়ার কথা বলেছে। তাদের কাছ থেকে ঋণ নেওয়া হলে দেশের জন্য ভালো হবে। জনগণকে মাথাপিছু কম ঋণের বোঝা বহন করতে হবে।যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।কর্মসূচি অনুযায়ী ২৯ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা, ৩০ মে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, ১ জুন ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী, ২ জুন শ্রমিক দলের আলোচনা সভা, ৩ জুন জাসাস ও যুবদল এবং ৪ জুন তাঁতি দল আলোচনা সভা করবে।যৌথ সভা শেষে কার্যালয়ে বিএনপির নেতা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান স্মরণে মিলাদ অনুষ্ঠিত হয়।