বিশ্বব্যাংকের কাছে গেলেও দোষ, না গেলেও দোষ
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে যা কিছু করা হচ্ছে, তা দেশের স্বার্থেই করা হচ্ছে। কিন্তু বিএনপির নেতারা বিভিন্ন ধরনের কথা বলছেন। আসলে তাঁদের বক্তব্য অনুসারে আমাদের বিশ্বব্যাংকের কাছে গেলেও দোষ, না গেলেও দোষ। মন্ত্রী পদত্যাগ করলেও দোষ, না করলেও দোষ।’আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের তৃতীয় তলায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আগামী নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে কোনো কিছু বলে লাভ নেই। কারণ, নির্বাচন কীভাবে হবে, তা সংবিধানেই ঠিক করা আছে; যা নেই তা নিয়ে আর কথা বলে লাভ নেই।’দপ্তরবিহীন মন্ত্রী বলেন, সারা বিশ্বে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক সেভাবেই বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।বিরোধী দল বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘পদ্মা সেতুর সঙ্গে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন জড়িত। তাই আপনাদের বলি, নেতিবাচক রাজনীতি না করে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করুন।’আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজাকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকায় ১১ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ১৯ জুলাই বাংলাদেশ কৃষক লীগের সম্মেলনের মধ্য দিয়ে পংকজ দেবনাথ ও শামসুল হক রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।