বিশ্বব্যাংকের কাছে ব্যাখ্যা চাইব
বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। একটি সার্বভৌম দেশ হিসেবে চুক্তি বাতিলের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে বিশ্বব্যাংকের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ করেছে, সে ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। তা ছাড়া ঋণচুক্তি বাতিলের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল আমাদের ক্ষুব্ধ করেছে। একটি সার্বভৌম দেশ হিসেবে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়ার অধিকার আমাদের আছে, সেটাই আমরা করছি।’ পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত না হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তির ওপর কোনো প্রভাব পড়বে না। তা ছাড়া একটি প্রকল্পে মতবিরোধের কারণে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপরও কোনো প্রভাব পড়বে না। পদ্মা সেতু প্রকল্পে জাপানের সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমরা তাদের (জাপানকে) বলেছি, তাদের সহযোগিতা পেলে আমাদের ওপর চাপ কমবে।’