বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ হয়ে আসছে নতুন ব্যাংক
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ জাতির ব্রিকস (বিআরআইসিএস) শীর্ষ সম্মেলনের বৈঠকে গতকাল মঙ্গলবার ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা একটি নতুন ‘উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠায় একমত হয়েছেন।খবরের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী প্রভিন গর্ধান বলেন, বিশ্বব্যাংকের মতো পশ্চিমা-সমর্থিত প্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। পাঁচটি দেশের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে তিনি বলেন, ‘কাজ হয়ে গেছে।’দক্ষিণ আফ্রিকার বন্দরনগর ডারবানে অনুষ্ঠিত বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেন, ‘আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। নেতারা এখন এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’এএফপির বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ব্যাংকটির মূল লক্ষ্য থাকবে অবকাঠামো খাতে বরাদ্দ নিশ্চিত করা। বিশ্বব্যাংক এ সমস্যাটি নিয়ে সাত দশক ধরে হিমশিম খাচ্ছে।চার বছর আগে যাত্রা শুরু করেছিল ব্রিকস। এবারই সদস্য রাষ্ট্রগুলো প্রথমবারের মতো দরকষাকষি ও বিতর্কের পর কোনো একটি বিষয়ে একমত হতে পেরেছে। ব্রিকস গোষ্ঠীর লক্ষ্য হলো, কার্যকর পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে সমতাভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।ব্রিকসের দেশগুলো বিশ্বের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ২৫ শতাংশ এবং মোট জনসংখ্যার ৪০ শতাংশের মালিক। কিন্তু সদস্য রাষ্ট্রগুলো বলছে, তাদের সক্ষমতা বৃদ্ধির হার অনুযায়ী বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিজ নিজ অবস্থান বদলায়নি।শুরুতেই প্রতিযোগিতার কৌশল নির্ধারণে ব্রিকসের ওপরে চাপ বাড়ছে। এ গোষ্ঠীটির গঠন যে অর্থবহ, এর পরিচয় দিতে সর্বসম্মত উপায়ে একটি নীতিনির্ধারণ জরুরি হয়ে পড়েছে। বর্তমানে ক্ষমতার যে বৈশ্বিক ভারসাম্য আছে, এর যে ইতি ঘটতে যাচ্ছে—এটা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়ার জন্যও নতুন একটি নীতিনির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে।ব্রিকসের সঙ্গে যুক্ত একজন ভারতীয় কূটনীতিক জানান, এমন অনেক বিষয় আছে, যেসব বিষয়ে পরে আলোচনা করতে হবে। এবার নেতারা অন্তত একটি খসড়া চুক্তিতে পৌঁছতে চান। তিনি বলেন, এ ব্যাংকটি যে বছরের পর বছর কার্যকর থাকবে, তা সম্ভব নয়।ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আলেকসান্দ্রে তমবিনি বলেন, মুদ্রা বিনিময়ের সীমা নির্ধারণ নিয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনাও বেশ এগিয়েছে। প্রাথমিকভাবে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিটি ১০ হাজার কোটি ডলার দিয়ে একটি তহবিল গঠন করবে। তারল্যসহ বিভিন্ন সংকট মোকাবিলায় এবং বাণিজ্যে উত্সাহ দিতে এ তহবিল ব্যবহার করা হবে।বিশ্লেষকেরা বলছেন, এত দিন যারা বলে আসছিল ব্রিকস হলো হতাশ দেশগুলোর বকবকানির দোকান, নতুন চুক্তি দুটি তাদের চোখে আঙুল দিয়ে ভিন্ন কিছু দেখিয়ে দিতে শুরু করেছে। সদস্য রাষ্ট্রগুলো ব্রিকসকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, তা সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আগ্রহ থেকে বেশ বোঝা যায়। শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডারবান শীর্ষ বৈঠকে উপস্থিত থেকেছেন। গত সোমবার তানজানিয়ায় শি জিনপিং যে বক্তব্য দেন, এতে তিনি আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহের কথা জানান।এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ব্রিকসের কর্মসূচি কার্যকর করার মধ্যে তাঁর দেশের অর্থনৈতিক মন্দার পরিসমাপ্তি দেখছেন। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্রিকসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে প্রতিযোগিতা-মনস্ক করার এক অপূর্ব সুযোগ পাওয়া গেছে।’ভারতের কর্মকর্তারা ব্রিকসের নেতৃত্বে একটি দক্ষিণ-দক্ষিণ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। এ ব্যাংকটির উদ্বৃত্ত বাজেট থেকে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে দেশটি।এর আগে বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বরে ব্যাংক অব সাউথ প্রতিষ্ঠা করা হয়। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, বলিভিয়া ও ভেনেজুয়েলা এ ব্যাংকটির সদস্য। ব্যাংকটির প্রাথমিক তহবিল ছিল দুই হাজার মার্কিন ডলার।