বিশ্বব্যাংকের জবাব অনুকূল বা প্রতিকূলে কোনোটিই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুতে অর্থায়ন জটিলতা নিয়ে বিশ্বব্যাংকের কাছে পাঠানো চিঠির জবাব পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিশ্বব্যাংকের জবাব সরকারের অনুকূলে বা প্রতিকূলে কোনোটিই নয়। সচিবালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার-বিষয়ক এক বৈঠক শেষে গতকাল শুক্রবার পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেন, ‘তারা চিঠির জবাব পাঠিয়েছে। এ জবাব সরকারের অনুকূলে নয়, আবার উল্টাও নয়। আর সবকিছু যে এক দিনে সমাধান হয়ে যায়, এমনটা ভাবা ঠিক নয়।’ বিশ্বব্যাংকের জবাব পর্যালোচনা করে দেখার পর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের কাছে বেশ কয়েকটি প্রস্তাব পাঠানোর কথা জানিয়ে মুহিত বলেন, ‘কারও সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও একটু-আধটু মনোমালিন্য হতেই পারে। বিশ্বব্যাংকের সঙ্গেও তা-ই হয়েছে। সংস্থাটি যে জবাব দিয়েছে, তা অনেকটা টেকনিক্যাল। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, তারা তাদের মতামত দিয়েছে। এখন দেখি কি করা যায়।’এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী। পদ্মা সেতুতে অর্থায়নের স্থগিতাবস্থা প্রত্যাহারের কথা জানিয়ে গত ২১ অক্টোবর সরকারের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হয়েছিল বিশ্বব্যাংকের কাছে। একটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে উদ্দেশ করে অর্থমন্ত্রীর লেখা, অপরটি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সিকে (আইএনটি) উদ্দেশ করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের।গত ৪ নভেম্বর প্রধান কার্যালয় থেকে সরকারের উভয় চিঠির জবাব পাঠিয়েছে বিশ্বব্যাংক। চিঠিতে দুর্নীতি বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পারিবারিক প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল এবং কানাডীয় একটি পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর তিনটি কার্যক্রমে প্রতিশ্রুত অর্থায়ন স্থগিত রেখেছে বিশ্বব্যাংক।